অবৈধ দখলে নষ্ট হচ্ছে শহীদ সিরাজ লেকের সৌন্দর্য
Printed Edition
তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি ও জনপ্রিয় পর্যটনকেন্দ্র শহীদ সিরাজ লেক (নিলাদ্রী লেক) বর্তমানে অবৈধ দখলের কারণে তার স্বকীয় সৌন্দর্য হারাতে বসেছে। লেকের চার পাশে বিশেষ করে পশ্চিম পাশে অবৈধভাবে দোকান কোটা নির্মাণ করায় দৃষ্টিনন্দন এই পর্যটন স্পটটি ক্রমেই শ্রীহীন হয়ে পড়ছে। অথচ বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় মেঘালয় পাহাড়ঘেঁষা অবস্থানে থাকা শহীদ সিরাজ লেক তার নীলাভ পানির রঙ ও চার পাশের পাহাড়ি দৃশ্যের জন্য পর্যটকদের কাছে ব্যাপকভাবে পরিচিত। অনেকেই একে ভালোবেসে ‘বাংলার কাশ্মির’ বলে ডাকেন। টাংগুয়ার হাওর ভ্রমণে আসা পর্যটকরা নিয়মিতভাবেই এই লেক দেখতে ছুটে আসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্ষা মৌসুমসহ প্রায় সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে সৌন্দর্যপিপাসু পর্যটক ও দর্শনার্থীদের ঢল নামে এই লেকে। তবে সাম্প্রতিক সময়ে স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় লেকের আশপাশের জায়গা দখল করে স্থায়ী দোকানঘর নির্মাণ করা হয়েছে, যা আগে ভ্রাম্যমাণ দোকান হিসেবে পরিচালিত হতো। এসব অবৈধ স্থাপনার কারণে লেকের স্বাভাবিক পরিবেশ ও নান্দনিকতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগত পর্যটকরা এই অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করছেন। এর আগেও লেক এলাকায় একটি তোরণ নির্মাণ করা হলে মুক্তিযোদ্ধা ও উপজেলাবাসীর দাবির মুখে প্রশাসন সেটি ভেঙে দেয়। কিন্তু বর্তমানে দোকান কোটা নির্মাণের বিষয়টি নিয়ে এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে জেলা-উপজেলার সচেতন মহল ও পর্যটকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
পর্যটক শাকিল আহমেদ বলেন, লেকের পাড়ে দোকানঘর থাকায় সৌন্দর্য নষ্ট হচ্ছে। দোকানগুলো লেক থেকে দূরে সরিয়ে নিলে একদিকে সৌন্দর্য রক্ষা পাবে, অন্য দিকে ব্যবসায়ীদেরও ক্ষতি হবে না। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পর্যটকরা এখানে আসতে অনীহা দেখাবে। স্থানীয় বাসিন্দা জুহুর আলমসহ অনেকেই বলেন, শহীদ সিরাজ লেক তাহিরপুরের ঐতিহ্য, গৌরব ও অমূল্য সম্পদ। এটি রক্ষায় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন।
এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে। তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, শহীদ সিরাজ লেক এলাকার অবৈধ দোকানগুলো খুব শিগগিরই উচ্ছেদ করা হবে।