ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে : মার্ক রুটে

Printed Edition

রয়টার্স

ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জোর দিয়ে বলেছেন, সামরিক জোটটির প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। ওয়াশিংটন থেকে সামরিকভাবে বিচ্ছিন্ন হয়ে ইউরোপের স্বতন্ত্র অবস্থান তৈরির আহ্বানের বিরোধিতা করেছেন তিনি।

জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে রুট বলেন, ‘আমি পুরোপুরি নিশ্চিত যে যুক্তরাষ্ট্র ন্যাটোর পাশে আছে। এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।’ শনিবার তার এই বক্তব্য প্রকাশ করা হয়।

তবে ইউরোপীয় দেশগুলোকে তাদের নিজস্ব প্রতিরক্ষার জন্য আরো বেশি দায়িত্ব নিতে হবে বলে স্বীকার করেছেন রুটে। সামরিক ব্যয় বৃদ্ধির মাধ্যমে এই দায়িত্ব পালন করা উচিত বলে মনে করেন তিনি। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা এবং ন্যাটোর আটলান্টিক কাঠামোর মধ্যেই এটি হওয়া উচিত।

চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করার পর ইউরোপজুড়ে উদ্বেগ বেড়েছে। ৩৩ পৃষ্ঠার ওই নথিতে সতর্ক করে বলা হয়েছে, মহাদেশটি ‘সভ্যতার বিলোপের’ ঝুঁকির মুখে রয়েছে। মার্কিন পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে এতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের অ্যাটলাসের মতো পুরো বিশ্বব্যবস্থাকে কাঁধে নিয়ে চলার দিন শেষ।’ এতে আরো জানানো হয়, ওয়াশিংটন এখন ইউরোপ থেকে সরে পশ্চিম গোলার্ধের দিকে মনোযোগ দেবে।

ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভিযোগ সত্ত্বেও মস্কোর সাথে ‘কৌশলগত স্থিতিশীলতা’ পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে ওই কৌশলে। ইইউ দেশগুলোর অভিযোগ, ক্রেমলিন তাদের জোটের বিরুদ্ধে ব্যাপক হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে।

এসব উদ্বেগের পরও রুটে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং ইউরোপে তাদের সামরিক সম্পৃক্ততা বজায় রাখবে।