দলগুলোর প্রতিশ্রুতি নিয়ে আইডিয়াসের বিশ্লেষণ
গবেষণাভিত্তিক নীতি ও প্রকল্প প্রণয়নের কোনো বিকল্প নেই
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ঢাকার পরিবহন খাতের বড় সঙ্কট হলো পরিকল্পনাগুলোর সমন্বিতভাবে বাস্তবায়নের সীমাবদ্ধতা এবং চলমান অব্যবস্থাপনা। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে মেট্রোরেল বা উড়ালসেতুর মতো বড় অবকাঠামোর ওপর অতিরিক্ত নির্ভরতা দেখা গেলেও সাধারণ মানুষের প্রতিদিনের যাতায়াতের প্রধান মাধ্যম ‘বাস সার্ভিস’ সংস্কারের কোনো স্পষ্ট রূপরেখা নেই। বিশদ অঞ্চল পরিকল্পনায় ‘বাস রুট রেশনালাইজেশন’-এর মাধ্যমে সীমিত সংখ্যক কোম্পানির অধীনে উন্নত বাস সেবা চালুর প্রস্তাব থাকলেও, এটি বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক সংস্কারের বিষয়টি রাজনৈতিক প্রতিশ্রুতিতে প্রায় অনুপস্থিত। বাস্তবতা হলো, কেবল অবকাঠামো বাড়িয়ে ঢাকার যানজট কমানো সম্ভব নয়। ব্যক্তিগত গাড়ির নিয়ন্ত্রণ এবং ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়টি প্রার্থীরা সুকৌশলে এড়িয়ে যাচ্ছেন। এ ছাড়াও, ফুটপাথ দখলমুক্ত করা এবং নিরাপদ হাঁটার পরিবেশ নিশ্চিত করার মতো মৌলিক বিষয়গুলো রাজনৈতিক এজেন্ডায় না থাকায় নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তব প্রয়োগ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাকশন অ্যান্ড সাসটেইনেবিলিটি (আইডিয়াস) এ বিষয়ে সম্প্রতি একটি পদ্ধতিগত পর্যালোচনা করেছে। এতে রাজনৈতিক দল ও প্রার্থীদের নগর ভাবনা এবং উন্নয়ন প্রতিশ্রুতি বিশ্লেষণ করে এ অভিমত ব্যক্ত করেছে। বিশ্লেষণ করেছেন পরিকল্পনাবিদ শাহরিয়ার ফরহাদ, ফারজানা ববি, উসওয়াতুন মাহেরা খুশি এবং মোহাম্মদ রাসেল কবির।
প্রতিশ্রুতি বিশ্লেষণ করে তারা বলেন, ড্যাপের তথ্য অনুযায়ী ঢাকায় বর্তমানে প্রায় আড়াই লাখ আবাসনের ঘাটতি রয়েছে এবং প্রায় এক-তৃতীয়াংশ মানুষ বস্তি বা অত্যন্ত নি¤œমানের পরিবেশে বসবাস করছে। প্রতি বছর প্রায় পাঁচ লাখ নতুন মানুষের আগমনে এই সঙ্কট আরো তীব্র হচ্ছে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে নি¤œবিত্তের জন্য সাশ্রয়ী আবাসনের নানা প্রতিশ্রুতি থাকলেও যথাযথ বাস্তবায়ন কৌশল ও অর্থায়নপ্রক্রিয়া পরিষ্কার নয়, যেখানে পূর্বে একই উদ্দেশ্যে সরকার গৃহীত বিভিন্ন প্রকল্পের সফলতার হার কার্যত শূন্যের কোঠায়। উদাহরণস্বরূপ, মিরপুরের ভাসানটেকে ছিন্নমূল বস্তিবাসী ও নি¤œবিত্তদের বহুতল আবাসন প্রকল্প এবং মিরপুর সেকশন-১১ এর বাউনিয়া বাঁধ এলাকায় বস্তিবাসীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প কাক্সিক্ষত সফলতা পায়নি।
মূলত, এসব আবাসন প্রকল্পের শুরু থেকেই উপকারভোগীদের অংশগ্রহণ না থাকায় পুনর্বাসনের ধারণা বাস্তবসম্মত হয়নি। ফলে অধিকাংশ সরকারি আবাসন উদ্যোগ স্থায়ী সমাধানের বদলে প্রতীকী বা ‘টোকেন’ প্রকল্পে পরিণত হয়েছে। আরো গুরুত্বপূর্ণ হলো, ভাসানটেক বা বাউনিয়া বাঁধ প্রকল্পের সামাজিক ও অর্থনৈতিক কার্যকারিতা নিয়ে আজও কোনো পূর্ণাঙ্গ ও স্বচ্ছ প্রভাব মূল্যায়ন জনসম্মুখে প্রকাশিত হয়নি।