চলনবিলে বর্জ্য পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

Printed Edition

সিংড়া (নাটোর) সংবাদদাতা

চলনবিলের কৃষিজমির উর্বরতা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। গতকাল শুক্রবার সকালে চলনবিলের তিশিখালী মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে মাজারে আগত দর্শনার্থীদের মধ্যে ওয়ানটাইম প্লেট ও গ্লাসসহ প্লাস্টিক বর্জ্য পরিহার এবং নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রকৌশলী আহমেদ রফিকসহ চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, পরিবেশকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, চলনবিল পাখি ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি গুরুত্বপূর্ণ জলাভূমি। প্লাস্টিক বর্জ্য পরিহার করা গেলে বিলের সৌন্দর্য ও কৃষিজমির উর্বরতা বাড়বে।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, তিশিখালী মাজারে প্রতি শুক্রবার বিপুল মানুষের সমাগম হয়। প্লাস্টিক বর্জ্যরে কারণে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হচ্ছে। এ সমস্যা মোকাবেলায় পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হবে। তিনি এ উদ্যোগে সবার সহযোগিতা কামনা করেন।