সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
শিবগঞ্জ সীমান্তে চিকিৎসা প্রদান বিজিবির
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ও নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী সীমান্ত এলাকায় দুই হাজার অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বিজিবি। গত মঙ্গলবার সকালে নারায়ণপুর মাহমুদা মতিউল্লাহ উচ্চবিদ্যালয় মাঠে নারী-পুরুষ ও শিশুদের এ চিকিৎসাসেবা দেয়া হয়। দুই ইউনিয়নর অন্তত ১০টি গ্রামের মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিজিবি কর্মকর্তারা জানান, নদী ভাঙনে স্বাস্থ্যকেন্দ্র বিলীন হয়ে যাওয়ায় এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে সরকারি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রয়েছেন। স্থানীয়দের অসুবিধার কথা ভেবে এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে আট বিশেষজ্ঞ চিকিৎসক ওই মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা দিয়েছেন। ক্যাম্পে আসা সব রোগীকেই প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়েছে। চিকিৎসাকার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ও উপ-অধিনায়ক সাজ্জাদুল ইসলাম প্রমুখ। শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা।
ফুলবাড়ীতে অধিকারবিষয়ক কর্মশালা
দিনাজপুরের ফুলবাড়ীতে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব জোরদারের লক্ষ্যে জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) ‘সমান আওয়াজ’ প্রকল্পের উদ্যোগে এবং কোডি ইনস্টিটিউট, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রকল্পের বিস্তারিত আলোচনা করে বক্তব্য রাখেন সিসিডিবি ‘সমান আওয়াজ’ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার মোছা: খাদিজা আক্তার, সমান আওয়াজ প্রকল্পের নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন, সমান আওয়াজ প্রকল্প ঢাকার সিনিয়র মনিটরিং অফিসার ইসমে আজম বাঁধন। ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
ঘোড়াঘাটে জিআইএসভিত্তিক কর্মশালা
টেকসই ও পরিকল্পিত গ্রামীণ যোগাযোগব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হয়েছে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অধিকার ও তথ্য যাচাইকরণবিষয়ক বিশেষ কর্মশালা। গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি), ঘোড়াঘাট এই কর্মশালার আয়োজন করে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় পরিচালিত গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) কর্মসূচির অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হয়। ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন। কর্মশালায় মূল বিষয়বস্তু উপস্থাপন ও বিশদ আলোচনা পরিচালনা করেন বেটস এর জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার। ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা।
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মাগুরার শালিখায় আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে নিজ বাড়িতে বিদ্যুৎ থেকে শিশুসন্তান ও স্ত্রীকে বাঁচাতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় তার। নিহত অপূর্ব পুখুরিয়া গ্রামের অমল বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রী দিপা বিশ্বাস তার দেড় বছরের শিশুসন্তানকে কোলে নিয়ে নিজ বাড়ির উপরের একটি জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছিটকে পড়েন। পরে তার চিৎকার শুনে ঘুম থেকে উঠে আসেন অপূর্ব। স্ত্রী-সন্তানকে বিদ্যুতের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই জড়িয়ে পড়েন বৈদ্যুতিক তারের সাথে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শালিখা (মাগুরা) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় যাবজ্জীবন
বিয়ের প্রলোভন দেখিয়ে এক পোশাকশ্রমিক অপহরণ ও ধর্ষণের দায়ে শ্রী শ্যামল চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের দু’টি পৃথক ধারায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। গতকাল ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আলী মনসুর আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত শ্যামল চন্দ্র দাস ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কালোমেঘ পরিষদপাড়া গ্রামের শ্রী কলেন চন্দ্রের ছেলে। তিনি মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন। ঠাকুরগাঁও প্রতিনিধি।
রাঙ্গুনিয়ায় অপহৃত শিশু উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের দুই দিন পর সাত বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম ওয়াসিফা জান্নাত তাসকিন। সে উপজেলার পশ্চিম সরফভাটা ইমাম আজম আবু হানিফা রহ: স্কুলের নার্সারি শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার মধ্য রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নে এই ঘটনাটি ঘটেছে। পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ফয়সাল নিজেকে শিশুটির বাবার মামাতো ভাই বলে পরিচয় দিয়েছেন। তিনি পূর্বপরিকল্পিতভাবে শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন। এ কাজে তিনি পরিচিত কয়েকজন সিএনজি চালককে সম্পৃক্ত করেন এবং মুক্তিপণের অর্থ ভাগ করে দেয়ার আশ্বাস দেন। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। গতকাল বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। রাঙ্গুনিয়া-কাপ্তাই উপজেলা সংবাদদাতা।
ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে হরতাল
চট্টগ্রামের সদ্য ঘোষিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দফতরের স্থান পরিবর্তনের দাবিতে আবারো রাজপথে নামছেন সংশ্লিষ্ট তিন ইউনিয়নের বাসিন্দারা। আগামী রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সময় ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং মিরসরাই-ফটিকছড়ি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার ডাক দিয়েছেন স্থানীয় আন্দোলনকারীরা।গত মঙ্গলবার রাতে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নতুন কর্মসূচির ঘোষণা দেয় ‘ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন কমিটি’। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাস্তবায়ন কমিটির অন্যতম সমন্বয়ক একরামুল হক। বাস্তবায়ন কমিটির নেতারা জানান, বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের সর্বস্তরের জনগণ আগামী রোববার থেকে এই ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালন করবেন। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধ সরবরাহ ও অন্যান্য জরুরি সেবার যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে। ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা।
রাঙ্গুনিয়ায় বন্দুকসহ গ্রেফতার ৩
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দু’টি দেশীয় তৈরি একনলা বন্দুক, দু’টি তাজা কার্তুজ ও দু’টি খালি কার্তুজসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসীরা হলো- মো: আরিফ (২৬), মো: মনির হোসেন (২৩), মো: রাকিব (১৫)। তাদের সবার বাড়ি সরফভাটা ইউনিয়নের বরখোলা পাড়া ও সৈয়দুখীল এলাকায়। গত সোমবার রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের সৈয়দুরখীল এলাকায় এই ঘটনাটি ঘটেছে। জানা যায়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই মো: শাহিন মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান ও গ্রেফতারি পরোয়ানা তামিলের উদ্দেশ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সরফভাটা সৈয়দুরখীল এলাকায় ইউসুফের চায়ের দোকানের পেছনে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনজনকে আটক করা হয়। রাঙ্গুনিয়া-কাপ্তাই উপজেলা সংবাদদাতা।