ভোটের আগে ফিলিস্তিনে হামলা বাড়িয়েছে ইসরাইল
Printed Edition
আলজাজিরা
ইসরাইলে পার্লামেন্ট ভেঙে দিয়ে আসন্ন ২৭ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারণের পর গাজা ও অধিকৃত পশ্চিমতীরে সামরিক আক্রমণ জোরালো করেছে ইসরাইলি বাহিনী। জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে, গত ১৩ থেকে ২০ জুলাইয়ের মধ্যে ইসরাইলি হামলায় ছয় শিশু ও আট নারীসহ অন্তত ৫৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন, যুদ্ধাপরাধ ও সম্ভাব্য নৃশংসতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
অধিকৃত পশ্চিমতীরের দেইর জারির গ্রামে ইসরাইলি অভিযানে দুই ব্যক্তি নিহত হলে স্থানীয় ফিলিস্তিনিরা তাদের লাশ নিয়ে শোক মিছিল বের করেন। পার্লামেন্ট বিলুপ্ত হওয়ার আগেই ইসরাইলি মন্ত্রীরা বিভিন্ন দ্রুত আইন পাসের উদ্যোগ নেন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জমি দখল ও ঘরবাড়ি ভাঙার নির্দেশ জারি করে। একই সময়ে উগ্র ইসরাইলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। নির্বাচন অনুষ্ঠানের আগের কয়েক মাসে ফিলিস্তিনিদের ওপর এই দখলদারিত্ব ও সহিংসতা আরো তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গাজায় চার শিশুসহ নিহত ১২
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজার বিভিন্ন এলাকায় মঙ্গলবার একাধিক হামলা চালিয়েছে ইসরাইল। এসব হামলায় চার শিশুসহ ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বিমান হামলায় মধ্য গাজা সিটিতে উদ্ধার পরিষেবা পরিচালনাকারী আল-মাসরি পরিবারের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।