ইরান যুদ্ধে বিপুল ব্যয় নিয়ে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

Printed Edition

এপি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সাথে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে। একই সময়ে রিপাবলিকানরা সামরিক খাত ও হোয়াইট হাউজের অন্যান্য অগ্রাধিকার বাস্তবায়নে ৯৫ বিলিয়ন ডলারের নতুন অর্থায়ন প্যাকেজ অনুমোদনের প্রস্তুতি নিচ্ছে।

মঙ্গলবার সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে হেগসেথ এই নতুন ব্যয়ের হিসাব তুলে ধরেন। উত্তপ্ত এ শুনানিতে তাকে কড়া প্রশ্নের মুখোমুখি হতে হয় এবং তার উদ্বোধনী বক্তব্য চলাকালে একাধিকবার বিক্ষোভকারীরা বাধা দেন।

শুনানির কয়েকদিন আগে পেন্টাগন জানায়, সঙ্ঘাতে আরো তিন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। এতে জুলাইয়ের শুরু থেকে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১০০ জনের বেশি সেনাসদস্য।

হেগসেথ বলেন, যুদ্ধের জন্য অতিরিক্ত অর্থায়ন ‘জরুরি ও প্রয়োজনীয়’। এ ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটকে তিনি সামরিক বাহিনীর জন্য ‘এক প্রজন্মে একবারের বিনিয়োগ’ হিসেবে উল্লেখ করেন। এই অর্থ ছাড়া মার্কিন বাহিনী গুরুতর ঘাটতির মুখে পড়বে বলে জানান তিনি।