মার্কিন জনমত ফেরাতে ইসরাইলের ১০০ মিলিয়ন ডলারের ব্যর্থ চেষ্টা
Printed Edition
মিডল ইস্ট মনিটর
মার্কিন জনমত নিজেদের পক্ষে টানতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে ইসরাইল। তবে বহু কোটি ডলার ব্যয়ে পরিচালিত এই প্রভাব বিস্তার অভিযান কাক্সিক্ষত সাফল্য পাচ্ছে না। বিশেষ করে তরুণ আমেরিকান রক্ষণশীলদের মধ্যে ক্রমাগত সমর্থন হ্রাস পাওয়ায় চরম অসন্তোষ দেখা দিয়েছে ইসরাইলি প্রশাসনের ভেতরে। ইসরাইলি সংবাদপত্র ‘হারেৎস’-এর এক তদন্ত রিপোর্টে উঠে এসেছে এসব তথ্য। এতে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজা সঙ্ঘাত ও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সপক্ষে আন্তর্জাতিক ভাবমূর্তি তুলে ধরতে অন্তত ১০০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে ইসরাইল।
ডিজিটাল প্রচারণা ও প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক
সরকারি ক্রয়সংক্রান্ত নথিপত্র এবং মার্কিন ‘ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের’ (ফারা) তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ইসরাইল ডিজিটাল বিজ্ঞাপন, মার্কিন জনসংযোগ সংস্থা, সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার ও সুশীলসমাজের সংগঠনের এক বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলেছে। সবচেয়ে বড় নথিভুক্ত প্রকল্পটির আর্থিক পরিমাণ ছিল ১৭ কোটি ৪০ লাখ শেকেল (প্রায় ৫ কোটি ২ লাখ ডলার), যা ইসরাইলের গভর্মেন্ট অ্যাডভার্টাইজিং এজেন্সি পরিচালনা করে। ২০২৫ সালের জুনে ইরানের সাথে ১২ দিনের যুদ্ধের সময় এটি শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলে।