আসিয়ান সম্মেলনে আঞ্চলিক শান্তি ও সহযোগিতার বার্তা

Printed Edition

আনাদোলু

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বৈশ্বিক পরাশক্তিগুলোর তৎপরতা স্পষ্ট হয়ে উঠেছে। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর এই জোটের সাথে সম্পর্ক নিবিড় করতে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি রক্ষায় সক্রিয় প্রতিশ্রুতি দিয়েছে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আসিয়ানের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করার ওপর জোর দেন। তিনি জানান, শান্তি, উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার নীতিতে চীন আসিয়ানের সাথে কাজ করতে চায়। তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে চীন-আসিয়ান দ্বিপক্ষীয় বাণিজ্য এক ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে এবং ইতোমধ্যে জোটের ৮টি দেশের সাথে চীন দ্বিপক্ষীয় সমঝোতায় পৌঁছেছে। তবে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সাথে সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে ওয়াং ই বলেন, বহিরাগত শক্তির স্বার্থ হাসিলে স্থানীয় কিছু পক্ষ ইচ্ছা করে উসকানিমূলক পরিস্থিতি তৈরি করছে। তিনি আঞ্চলিক শান্তি রক্ষায় দক্ষিণ চীন সাগর সম্পর্কিত ‘কোড অব কন্ডাক্ট’ দ্রুত চূড়ান্ত করার তাগিদ দেন। সম্মেলনের ফাঁকে তিনি অস্ট্রেলিয়া, কানাডা ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলাদা বৈঠক করে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেয়ার আহ্বান জানান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আসিয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতার বিকাশে যুক্তরাষ্ট্র আড়াইশ কোটি ডলারের কৌশলগত বিনিয়োগ করছে। এর পাশাপাশি মাইন অপসারণের কাজে আসিয়ানভুক্ত দেশগুলোকে অতিরিক্ত ১৩ কোটি ডলার সহায়তা দেয়া হবে। রুবিও বলেন, আসিয়ানের স্থায়িত্ব ও নিরাপত্তা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সাথেই যুক্ত।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আসিয়ানকে মস্কোর অন্যতম বিশ্বস্ত ও সমমনা অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি এশীয় নেতৃত্বাধীন আঞ্চলিক ব্যবস্থায় রাশিয়ার অব্যাহত সমর্থনের কথা জানান এবং খাদ্য, জ্বালানি ও ডিজিটাল খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। সম্মেলন শেষে ল্যাভরভ ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন।