নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে : ডিএমপি কমিশনার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
আসন্ন নির্বাচনে সব পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো: সাজ্জাত আলী। গতকাল বুধবার রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে নভেম্বরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদ্য যোগদান করা ডিএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) উদ্দেশে কমিশনার বলেন, নতুন ওসিদের থানা এলাকার অপরাধ চিত্র ও পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করতে হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে অভ্যাসগত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা অপরিহার্য।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো: সরওয়ার বলেন, অপরাধ দমন ও নিয়ন্ত্রণের জন্য প্রত্যেক থানায় টহল কার্যক্রম জোরদার করতে হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হবে। টহল কাজে সরকারি মোটরসাইকেল ব্যবহার করার নির্দেশও দেন তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম বলেন, নতুন ডিসি ও ওসিদের প্রত্যেক থানার নিজস্ব ক্রাইম প্যাটার্ন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্টের বিষয়ে অফিসারদের আরো দায়িত্বশীল হতে হবে। কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিংয়ের মাধ্যমে গৃহকর্মী নিয়োগে পরিচয়পত্র যাচাই ও অপরিচিতদের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ ছাড়া আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়।
ডিএমপি এক বিজ্ঞপ্তিতে আরো জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর অনুমোদনহীন ও বেআইনি জনসমাবেশ, মিছিল ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের নির্দেশনা অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষায় যে কোনো ধরনের অবৈধ কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে।