মেধাস্বত্ব ও উদ্ভাবনী বিষয়ে মেলার আয়োজন করবে সরকার : শিক্ষামন্ত্রী

Printed Edition
3rd-4
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মেলন কক্ষে বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে বক্তৃতা করেন : পিআইডি

নিজস্ব প্রতিবেদক

প্রতিবছর মেধাবীদের উৎসাহ দিতে মেধা স্বত্ব ও উদ্ভাবনী বিষয়ে মেলার আয়োজনের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, মেধাস্বত্ব সুরক্ষার বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। আমরা চাই আমাদের মেধাস্বত্ব তালিকা আরো দীর্ঘ হোক। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার আয়োজন করতে হবে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অডিটরিয়ামে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন মেধাবীদের অনুপ্রেরণার জন্য পুরস্কার প্রদানের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া, মেধাস্বত্ব ও উদ্ভাবনী বিষয়ে প্রতিবছর মেলার আয়োজন করা যায়। এ জন্য সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকেও এগিয়ে আসতে হবে। ড. মিলন আরো বলেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বিশাল অংশ তরুণ। গবেষণার ক্ষেত্রে এ তরুণদের এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে মেধাস্বত্বের অংশীদারত্ব বৃদ্ধি করতে হলে আমাদের দেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ট’কে কাজে লাগাতে হবে।মন্ত্রী বলেন, আমাদের তরুণদের উদ্ভাবনী প্রতিভাকে কাজে লাগাতে হলে বিশ্ববিদ্যালয়গুলোর ‘গবেষণা ও উন্নয়নে’ আরো গুরুত্ব প্রদান করা প্রয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাচনী ইশতেহারে শিক্ষাখাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মহিদুস সামাদ খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাদ আনোয়ার, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব আলোচনায় অংশগ্রহণ করেন। ইউজিসির সচিব ড. মো: ফখরুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।