একটি দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : শিবির সেক্রেটারি

Printed Edition

বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, একটি দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে, ফেব্রুয়ারির নির্বাচন অবশ্য হতে হবে আর ওই নির্বাচনে মানুষ চাঁদাবাজের বিরুদ্ধে রায় দিবে। এখন অসহায় মানুষেরা চিৎকরা করে বলে, ফ্যাসিবাদের আমলে ৫ টাকা চাঁদা দিলে এখন ২০ টাকা দেয়া লাগে। আমরা কোথা থেকে মুক্তি পেলাম। যারা চাঁদাবাজি করছে, তাদের বিপরীতে একটি ঐক্যবদ্ধ সুসঙ্ঘবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য মানুষ আজ ফুসে উঠেছে। তারা ক্ষণ গুনছে, ফেব্রুয়ারি মাস এলে, তারা তাদের রায় ন্যায় আর ইনসাফের পক্ষে দিবে। চাঁদাবাজের বিরুদ্ধে মানুষকে বিপ্লব করতে হবে।

শুক্রবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ আব্দুর আজিজ মোমোরিয়াল স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন। আর তার কন্যা ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য সব থেকে বড় অভিশাপ। তিনি বাংলাদেশের মানুষকে লাঞ্ছিত করেছে, হত্যা করেছে। তবে বাংলাদেশের মানুষ তার রক্তচক্ষু ভয় পায়নি। জীবনের বিনিময়ে তাকে ক্ষমতা থেকে নামিয়ে ছেড়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাগেরহাট জেলা শাখার শূরা সদস্য অধ্যক্ষ আলতাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম। সমাবেশে আরো বক্তব্য দেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী এইচ এম তামিম, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, কচুয়া উপজেলা জামায়াতের আমির মো: রফিকুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক শাহাদাত হোসেন, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা এনামুল কবির প্রমুখ।

বক্তারা বলেন, আগামীতে বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ তৈরির একটি সুযোগ মানুষের সামনে এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের প্রতীক হিসেবে সারা জীবন মানুষের পাশে ছিল। আগামীতে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ইসলাম এবং জামায়াতের পক্ষে থাকার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মী ও সাধারণ মানুষ এই সমাবেশকে জামায়াতের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেখছেন। এ দিন বিকেলে শিবির নেতা বাগেরহাট আলিয়া মাদরাসায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।