কলেজছাত্রসহ বিভিন্ন স্থানে নিহত ৫

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় গতকাল কুমিল্লার বুড়িচংয়ে এক কলেজছাত্রসহ বিভিন্ন স্থানে পাঁচজন নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের নলকায় মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে হোড়গাঁতি ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে চালকসহ তিনজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা পশ্চিমাঞ্চল গ্যাস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার বুড়িচংয়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় মো: সাইদুল ইসলাম (২২) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বুড়িচং কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম উপজেলার পূর্ণমতি আনন্দপাড়া গ্রামের খালেক মিয়ার ছোট ছেলে। বর্তমানে তিনি সাহেবাবাদ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাইদুল ইসলাম মোটরসাইকেলে বুড়িচং কলেজ গেট এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক ওয়ালটন শোরুমের সামনে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে সেটি আটক করে।

পরে গুরুতর আহত অবস্থায় সাইদুল ইসলামকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খুলনা ব্যুরো জানায়, খুলনায় সড়ক দুর্ঘটনায় লিলি কুণ্ডু (৪৯) নামে এক নারী নিহত ও তার স্বামী অমর কুণ্ডু গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অমর কুণ্ডুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার খুলনা আই হাসপাতালে ডাক্তার দেখিয়ে স্বামীর সাথে মোটরসাইকেলে (খুলনা মেট্রো-হ ১৪-৫২৭৫) বাগেরহাটের রামপাল উপজেলার গ্রামের বাড়ি ফিরছিলেন লিলি কুণ্ডু। পথে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি লোকাল বাস (ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫) মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা লিলি কুণ্ডু সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। অমর কুণ্ডুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।