দ্য ইন্ডাস্ট্রিয়াল ট্রি কুমিল্লা ইকোনমিক জোনে হামিদুজ্জামান খান ও আইভি জামানের এক অনন্য সৃষ্টি
Printed Edition
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) কুমিল্লা ইকোনমিক জোনের (সিইজেড) প্রবেশপথে উন্মোচিত হয়েছে একটি ভাস্কর্য, যা ইস্পাত ও কাঠামোর বাইরে গিয়ে শিল্পের পেছনে থাকা মানুষের শ্রম ও অবদান তুলে ধরেছে। একুশে পদকপ্রাপ্ত ভাস্কর হামিদুজ্জামান খান নির্মিত ‘দ্য ইন্ডাস্ট্রিয়াল ট্রি এমন একটি শিল্পকর্ম, যেখানে যন্ত্র, ইস্পাত এবং মানুষের শ্রম গাছের শিকড়ের মতো একে অপরের সাথে পরিপূরকভাবে জড়িয়ে থাকার দৃশ্য ফুটে উঠেছে।
এটি ছিল অধ্যাপক হামিদুজ্জামান খানের জীবনের শেষ পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ কাজ। এমজিআই তাকে তাদের অর্থনৈতিক অঞ্চলের ভেতরে একটি ভাস্কর্য নির্মাণের আমন্ত্রণ জানায় । অধ্যাপক হামিদুজ্জামান একটি শর্তে কাজটি গ্রহণ করেন। তা হলো, ভাস্কর্যের রূপ হবে একটি গাছ।
২০২৪ সালে তিনি কাজ শুরু করেন। তিনি মাকেট তৈরি, উপকরণ বাছাই, স্থান নির্ধারণ শেষে প্রবেশপথে নির্মাণকাজ শুরু করেন। কিন্তু ভাস্কর্যের কাজ শেষ হওয়ার আগেই ২০ জুলাই ২০২৫ তারিখে তিনি ইন্তেকাল করেন।
এরপর এমজিআই শিল্পকর্মটি অন্য কাউকে না দিয়ে, পরিবর্তন না করে, কিংবা না সরিয়ে তার সহধর্মিণী, চিত্রশিল্পী আইভি জামানের সাথে যোগাযোগ করে যিনি শুরু থেকেই পুরো প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন। তাকে নিজের দৃষ্টিভঙ্গিতে কাজটি সম্পন্ন করার অনুরোধ জানানো হয়। তিনি একটি শর্তে সম্মতি দেন। ভাবনাটি থাকবে তার স্বামীর, আর কাজটা পূর্ণতা পাবে তার দিকনির্দেশনায়।
আইভি জামান কয়েক মাস ধরে ভাস্কর্যের পৃষ্ঠ, রঙের স্তর ও ছাউনির অংশে সূক্ষ্মভাবে কাজ করে এর চূড়ান্ত রূপ সম্পন্ন করেন। তিনি শুধু ভাস্কর্যটিকে পূর্ণতা দেননি, একই সাথে তার মরহুম স্বামীর শুরু করা শিল্প ভাবনাকে অক্ষুণœ রেখেছেন। ‘দ্য ইন্ডাস্ট্রিয়াল ট্রি’ এমন একটি উল্লেখযোগ্য ভাস্কর্য, যা একজন শিল্পীর মৃত্যুর পর তার সহধর্মিণী সম্পন্ন করেছেন।
ভাস্কর্যটির উদ্বোধনী অনুষ্ঠানে আইভি জামান বলেন, ‘আমার স্বামীর সহশিল্পী হিসেবে এই কাজটি সম্পন্ন করতে পেরে আমি সম্মানিত। এটি শুধু একটি স্থাপনা নয়। এটি তার শেষ দিকের কাজগুলোর একটি এবং আমাদের যৌথ সৃষ্টি। তার স্বপ্নকে এগিয়ে নিতে পেরে আমি গর্বিত। দেশে ও বিদেশে তার অনেক সৃষ্টিকর্ম রয়েছে, যেমন দক্ষিণ কোরিয়ার সিউলের অলিম্পিক পার্ক, কিন্তু আজ আমি বলতে চাই, এই শিল্পকর্মটিই (দ্য ইন্ডাস্ট্রিয়াল ট্রি) তার শ্রেষ্ঠতম।’
এমজিআইর ডাইরেক্টর তানভীর আহমেদ মোস্তফা বলেন, আইভি জামান প্রফেসর হামিদুজ্জামান খানের শেষ ভাবনাটিকে পূর্ণ রূপ দিয়েছেন। তিনি না থাকলে এই কাজটি হয়তো অসম্পূর্ণই থেকে যেত। বিজ্ঞপ্তি।