৬ সিটিতে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে হাইকোর্টের রিট

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশে ছয় সিটি করপোরেশনে গত ২২ ফেব্রুয়ারি দেয়া প্রশাসক নিয়োগের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আবেদনে ৩০ দিনের মধ্যে এসব সিটি করপোরেশনে নির্বাচন আয়োজন করতে নির্দেশনা চাওয়া হয়েছে।

গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম কিবরিয়াসহ ছয়জন এ রিট করেন। রিটে বিবাদি করা হয়েছে স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ ছয় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে।

গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো: আব্দুস সালাম। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দায়িত্ব দেয়া হয়েছে মো: শফিকুল ইসলাম খানকে। এ ছাড়া অন্য চারটি সিটি করপোরেশনেও নতুন প্রশাসক বসানো হয়েছে।

তারা হলেন- খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো: সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো: শওকত হোসেন সরকার।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে তাদের নিয়োগ দেয়া হয়েছে। সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তারা নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতে আরো বলা হয়, নিয়োগ করা প্রশাসকরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক সুযোগ-সুবিধা ও ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।