বগুড়া-২ আসনে মান্নার মনোনয়ন ফেরায় নতুন সমীকরণ
Printed Edition
শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী কে হচ্ছেন; এ প্রশ্নে নাটকীয় মোড় নিয়েছে নির্বাচনী পরিস্থিতি। একের পর এক সিদ্ধান্ত, বাতিল ও পুনর্বহালের ঘটনায় জোটের চূড়ান্ত প্রার্থী নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
গত ২৪ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে জোট প্রার্থী ঘোষণা দেন। সে সময় তিনি বলেন, জোটের জন্য ছেড়ে দেয়া আসনে বিএনপি প্রার্থী দেবে না এবং কেউ স্বতন্ত্র হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এরপর মান্নার ঋণখেলাপিসংক্রান্ত বিষয়ে করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করলে তার প্রার্থিতা নিয়ে জটিলতা তৈরি হয়। এর ধারাবাহিকতায় বিএনপি মহাসচিবের স্বাক্ষরিত চিঠিতে মান্নার পরিবর্তে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলমকে জোট প্রার্থী ঘোষণা করা হয়। এতে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দেয়।
গত ২ জানুয়ারি যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। তবে সে সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে রোববার কমিশন তা মঞ্জুর করে মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা করে।
এতে নতুন করে প্রশ্ন উঠেছে; জোটের প্রার্থী হিসেবে মান্নাকেই কি আবার চূড়ান্ত করা হবে, নাকি সর্বশেষ ঘোষিত প্রার্থী অধ্যক্ষ মীর শাহে আলমই বহাল থাকবেন। মীর শাহে আলম বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অন্য দিকে মান্না জানান, বিএনপি কী সিদ্ধান্ত নেয়, তা দেখার অপেক্ষায় আছেন। এ দিকে জোটের এ অনিশ্চয়তার মধ্যেই জামায়াতের একক প্রার্থী সাবেক এমপি অধ্যক্ষ শাহাদুজ্জামান প্রচারে সক্রিয়। বগুড়া-২ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।