নেত্রকোনায় ধর্ষিতাকে হুমকি ধর্ষকের
Printed Edition
নেত্রকোনা প্রতিনিধি
মামলা দায়েরের দুই মাস পেরিয়ে গেলেও আসামিকে গ্রেফতারে পুলিশি তৎপরতা নেই। উল্টো ভুক্তভোগী প্রতিবন্ধী কিশোরীর বাড়িতে গিয়ে মামলা প্রত্যাহার না করলে তাকে তুলে নিয়ে হত্যা করার প্রকাশ্য হুমকি দিচ্ছে অভিযুক্ত ধর্ষক। গতকাল বৃহস্পতিবার সকালে নেত্রকোনা সদর উপজেলার চুচুয়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৬ এপ্রিল চুচুয়া পূর্বপাড়ার এক মোবাইল মেকানিকের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে একা পেয়ে মুখে চেতনানাশক স্প্রে করে ধর্ষণ করে পাশের কান্দাপাড়ার রেনু মিয়া। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
ভুক্তভোগী পরিবারটি জানায়, দীর্ঘদিনেও মামলার অগ্রগতি না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে এলাকার ত্রাস হিসেবে পরিচিত রেনু মিয়া। বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীর মা বলেন, দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাচ্ছি না। আমাদের প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।