তহশিলদারসহ তিনজনের নামে মামলা

Printed Edition

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা (তহশিলদার) কাজী জাহিদুল ইসলামসহ তিনজনের নামে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে। সোমবার রাঙ্গাবালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের বিচারক দোলন হাসান আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদিপক্ষের আইনজীবী জসীম উদ্দিন।

এর আগে গত বুধবার রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের ভূঁইয়ার হাওলা গ্রামের বাসিন্দা জয়নাল গাজী বাদি হয়ে আদালতে এ অভিযোগ দাখিল করেন। মামলায় তহশিলদার জাহিদুল ইসলামের দুই সহযোগী রাব্বী মৃধা ও মানিক মোল্লাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

এজাহারে বাদি উল্লেখ করেন, তার বাবা আবদুল মজিদ ১৯৮৭ সালের ২৪ ফেব্রুয়ারি বন্দোবস্ত সূত্রে ১ দশমিক ৫ একর জমি পান এবং দীর্ঘদিন ধরে তা ভোগদখল করছেন। গত ২৮ নভেম্বর আসামিরা ওই জমিতে প্রবেশ করে অন্য এক ব্যক্তির মাছের ঘেরে যাতায়াতের সুবিধার্থে বেকু দিয়ে বাঁধ ও পথ কেটে নির্মাণকাজ শুরু করেন। এতে বাধা দিলে বাদিকে উচ্ছেদের হুমকি দেয়া হয় বলে অভিযোগ করা হয়। পাশাপাশি ওই সময় তার কাছ থেকে সাত হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগও এজাহারে উল্লেখ করা হয়েছে।