নোয়াখালীতে হান্নান মাসউদকে হত্যার হুমকি : গ্রেফতার ১

Printed Edition

নোয়াখালী অফিস

জাতীয় সংসদের নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে ইসরাত রায়হান অমি নামের একজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের নন্দ রোড থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর রাতে আবদুল হান্নান মাসউদের চাচা ও জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী শামছুল তিব্রিজ হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জিডিতে উল্লেখ করা হয় দু’টি ফেসবুক আইডি থেকে আবদুল হান্নান মাসউদ ও তার সহযোগীদের প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। ভাইরাল হওয়া ওই হুমকির মেসেঞ্জার স্ক্রিনশটে লেখা ছিল, ‘ইসরাত রায়হান অমি লিখেছেন- হান্নান বল আর তানভির বল, যেই নেতাই হোক, খোদার কসম করে বললাম, উত্তরাঞ্চলে চলাচল হারাম হয়ে যাবে। আমাদের নেতাকর্মীরা ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে। তোর নেতাকে এটা কপি করে পাঠাইস।’ আটক ইসরাত রায়হান ওরফে অমি হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে। এই ঘটনায় অমি ছাড়াও আরো ছয়জনের নাম জিডিতে উল্লেখ করা হয়েছে। তারা হলেন- রুপক নন্দী (২৫), সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ (৪৬), প্রেম লাল (২৫), নুর হোসেন রহিম (২৬), বাবুলাল (৩২) ও ওমর ফারুক (৩২)।