রাজপথে মৃত্যুর হানা
চাচা-ভাতিজাসহ বিভিন্ন স্থানে নিহত ৪
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
জামালপুরের মেলান্দহে চাচা-ভাতিজাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
জামালপুর প্রতিনিধি ও মেলান্দহ সংবাদদাতা জানান, জামালপুরের মেলান্দহে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত সাইম (২২) নামে অপর মোটরসাইকেল চালক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বুধবার রাত ২টার দিকে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল বিশ্বাস (৪২) ও উজ্জ্বল বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস (২০)। তারা দু’জনেই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাত ২টার দিকে মাহমুদপুর এলাকায় একটি বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন কাজল ও আকাশ। পথে মিয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আকাশ।
স্থানীয়রা কাজলকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ময়মসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কাজল।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে বাইক দু’টি উদ্ধার করা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর-ফুলবাড়ীর মহাসড়কের মাদিলাহাট মুক্তারপুর এলাকায় গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
জানা গেছে, গতকাল সকালে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট রোডে খয়েরবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি ট্রাক্টর উল্টে যাই। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চাপায় চালকের মৃত্যু হয়। নিহত ট্রাক্টর চালকের নাম রাসেল (৩৫)। সে রংপুরের বদরগঞ্জের কুতুবপুর (সোনারপাড়া) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কুষ্টিয়া মিরপুরের নওয়াপাড়া বাজারে খড়ি বোঝায় ট্রলির ধাক্কায় রাসেল (২৫) নামে এক পাখি ভ্যানচালক নিহত হয়েছে। বুধবার রাতে উপজেলার নওয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটেছে।
মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাসেল উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মতিনুল হকের ছেলে।
নিহত রাসেলের মামা হাবিব জানান, নওয়াপাড়া বাজারে খড়ি বোঝাই ট্রলির সাথে ভ্যানের ধাক্কা লেগে রাসেল গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক অবস্থা গুরুতর থাকায় রাজশাহী পাঠান। রাজশাহী নেয়ার পথে রাসেলের মৃত্যু হয়।