বিএমইউতে অডিট বিষয়ে ত্রিপক্ষীয় সভা
Printed Edition
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিএমইউ শহীদ ডা: মিলন হলে গতকাল অডিট বিষয়ে দুই দিনব্যাপী একটি ত্রিপক্ষীয় সভা শুরু হয়েছে। সভায় বক্তারা সঠিক আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খল আর্থিক ব্যবহারের সক্ষমতা বৃদ্ধিসহ সুশাসন নিশ্চিতকরণে গুরুত্বারোপ করেন। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট) মো: নজরুল ইসলাম।
সভায় বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী বলেন, আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণে অডিট কার্যক্রমের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং আর্থিক কার্যক্রম সম্পন্ন করা সংক্রান্ত ঝুঁকি হ্রাসে অডিট বিষয়ক এ ধরনের সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অডিট কার্যক্রমকে ইতিবাচকভাবে নিতে হবে। যথাযথ অডিটের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আর্থিক কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণে বিরাট ভূমিকা রয়েছে।
সভার শুরুতে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আর্থিক ব্যবস্থাপনা অধিশাখা) আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অডিট অধিদফতরের মহাপরিচালক মো: গোলাম রহমান, বিএমইউর সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: মোস্তফা কামাল, স্বাস্থ্য অডিট অধিদফতরের পরিচালক মো: হাসান নাজমুল কবীর প্রমুখ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।