মান-অভিমান ভুলে ঐক্যের পথে মৌলভীবাজার জেলা বিএনপি
Printed Edition
মো: জালাল উদ্দিন মৌলভীবাজার
দলীয় মান-অভিমান ও দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি পেছনে ফেলে ঐক্যের বার্তা দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি। অতীতের সব বিভেদ ভুলে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয়ে এক আবেগঘন পুনর্মিলন সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমানের উদ্যোগে এবং জেলা বিএনপির আয়োজনে গত বৃহস্পতিবার রাতে এ পুনর্মিলন সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর থানা বিএনপি, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা এ সময় এক কাতারে এসে দাঁড়ান। অনুষ্ঠানে সাড়ে চার ঘণ্টা অতীতের আন্দোলন-সংগ্রামের স্মৃৃতিচারণের পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের অঙ্গীকারে সভাস্থল মুখর হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেন, দল ও জনগণের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, মানুষের অধিকার আদায়, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং কৃষিতে স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে একটি পুনর্গঠিত উন্নত রাষ্ট্র গঠনে ধানের শীষের কোনো বিকল্প নেই। অতীতের সব বিভেদ ভুলে গিয়ে ধানের শীষকে বিজয়ী করে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই। জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজিনা নাসের, আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মুকিত এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: মিজানুর রহমান (ভিপি মিজান), মোশাররফ হোসেন বাদশা, বকসী মিসবাউর রহমান, ফয়সল আহমদ, মুজিবুর রহমান মজনু প্রমুখ।
সভা শেষে সিনিয়র নেতারা একে-অপরের হাত ধরে উপস্থিত নেতাকর্মীদের সাথে অতীতের সব বিভেদ ভুলে দলীয় ঐক্য আরো সুদৃঢ় করার অঙ্গীকার করেন। একই সাথে আগামীর নির্বাচন, রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম ঐক্যবদ্ধভাবে পরিচালনা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।