নির্দোষ দাবি ম্যারাডোনার ব্যক্তিগত ডাক্তারের
Printed Edition
ক্রীড়া ডেস্ক
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে বহুল আলোচিত মামলায় তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলডো লুক আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। পরশু বুয়েন্স আয়ার্সের উপকণ্ঠ সান ইসিদ্রোর আদালতে সাক্ষ্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি নির্দোষ। তার মৃত্যুর জন্য আমি গভীরভাবে শোকাহত। তিনি আমার আইডল ছিলেন, আমার বন্ধু ছিলেন।’
২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে ম্যারাডোনার মৃত্যু হয়। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার অস্ত্রোপচারের পর তিনি বাসায় সুস্থ হয়ে উঠছিলেন। পরে হৃদথযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং ফুসফুসে তরল জমে যাওয়ায় তার মৃত্যু ঘটে বলে জানানো হয়।
এই মামলায় লুকের সাথে আরো ছয়জন স্বাস্থ্যকর্মী অভিযুক্ত রয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, ম্যারাডোনার শেষ দিনগুলোতে অবহেলা ও গুরুতর চিকিৎসাগত ত্রুটির কারণে তার মৃত্যু ত্বরান্বিত হয়েছে। প্রসিকিউটর পাত্রিসিও ফেরারি আদালতে বলেন, ম্যারাডোনার চিকিৎসা দল ছিল ‘অদক্ষ ও দায়িত্বজ্ঞানহীন, তার প্রয়োজনীয় যতেœ গুরুতর ঘাটতি ছিল। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, দীর্ঘদিন মাদক ও অ্যালকোহলে আসক্ত থাকা ম্যারাডোনা স্বাভাবিক কারণেই মারা গেছেন। প্রত্যেকেই নিজেদের ভূমিকায় সীমিত ছিলেন বলে দাবি করেছেন।
লুক আদালতে বলেন, ‘তিনি আমাকে যেকোনো সময় ফোন করতেন, আমি তার কাছে ছুটে যেতাম। আমি সবসময় তার পাশে ছিলাম।’ একই সাথে তিনি ফরেনসিক প্রতিবেদনের কিছু অংশ নিয়েও প্রশ্ন তোলেন, বিশেষ করে মৃত্যুর আগে দীর্ঘ সময় যন্ত্রণায় ছিলেন এই দাবিকে তিনি অস্বীকার করেন।