কে হচ্ছেন নোয়াখালীর অধিনায়ক
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাকি মাত্র সপ্তাহ দুই। শেষ হয়েছে নিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দ মতো দল সাজিয়েছে। তবে এবারের আসরে চমকের নাম নোয়াখালী এক্সপ্রেস। শিরোপার অন্যতম দাবিদার নতুন দলটি। ২৬ ডিসেম্বর সিলেটে সিলেট স্ট্রাইকারস ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের। একই দিন সন্ধ্যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বিপিএলে নিজেদের পথচলা শুরু করবে নবাগত দলটি।
নিলামের আগেই তারা দলে ভিড়িয়েছে জাতীয় দলের দুই ক্রিকেটার সৌম্য সরকার ও হাসান মাহমুদকে। বিদেশীদের মধ্যে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে এই দলে। জাতীয় দলকে অধিনায়ক হিসেবে সিরিজ জেতানো জাকের আলী অনিকও আছেন তাদের দলে। এত তারকাদের ভিড়ে দলটির অধিনায়কত্ব কে করবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। গুঞ্জন রয়েছে জাকেরই হবেন অধিনায়ক। তবে নোয়াখালী এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান রতন জানিয়েছেন জাকেরকে অধিনায়ক করার কথা ভাবছেন না তিনি। সৌম্য আছে, তবে জাকেরকে অধিনায়ক হিসেবে আমার পছন্দ না। তার চেয়ে মোহাম্মদ নবি-কুশল মেন্ডিসকে অধিনায়ক হিসেবে নেয়ার চেষ্টা থাকবে ম্যানেজমেন্টের পক্ষ থেকে। অধিনায়ক বিষয়ে কোচ সুজন বলেন, আমি লোকালদের প্রতি ইন্টারেস্টেড। লোকাল ছেলেরা আমার জন্য ভালো হবে। কুশল চার ম্যাচ পর চলে যাবে, তখন আরেকটা নতুন ক্যাপ্টেন দিতে হবে। এটা আমি চাই না। আমি চাই লম্বা সময়ে ক্যাপ্টেন্সি করতে পারা একজন।