আচরণবিধি মানার আহ্বান বিএনপি প্রার্থীর
Printed Edition
তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-মধ্যনগর-ধর্মপাশা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ আনিসুল হক নির্বাচন কমিশন ঘোষিত নির্দেশনার প্রতি সম্মান জানাতে ও সব আচরণবিধি মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানিয়ে নিজের হাতে নিজের ব্যানার, পোস্টার ও বিলবোর্ড নামিয়েছেন।
তিনি গত শুক্রবার বিকেলে তার নির্বাচনী এলাকা তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে এ কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া তিনি নির্বাচনী সব উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে এবং বাজারে নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ করার নির্দেশনা দেন। বাদাঘাটে অপসারণ করার সময় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এরপর তিনি বাদাঘাট বাজারে ধানের শীষের নির্বাচনী পথসভা ও মিছিল এবং অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে যোগ দেন।
আনিসুল হক বলেন, আইন সবার জন্য সমান। নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান রেখে আমি একজন প্রার্থী হিসেবে আমার সব প্রচার পোস্টার, ব্যানার, ফেস্টুন, লাইটিংসহ প্রচার সামগ্রী অপসারণের কাজ শুরু করেছি। সব ভোটার ও বিএনপি নেতাকর্মী সমর্থকগণের কাছেও আমার চাওয়া- সবাই নির্বাচন কমিশন ঘোষিত সব নির্দেশনা ও আইন মেনে চলবেন।