ফরিদপুর-৪ আসনে পলাতক সাবেক এমপিকে পুনর্বাসনের অভিযোগ
Printed Edition
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে আওয়ামী লীগের পলাতক সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে পুনর্বাসনের অপচেষ্টা এবং স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগের সমর্থকদের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সর্বদলীয় সংগঠন ‘৩৬ জুলাই বিপ্লব’।
গতকাল রোববার দুপুরে ভাঙ্গা উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা লিখিত বক্তব্যে দাবি করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও নস্যাৎ করার সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই এসব অপচেষ্টা চালানো হচ্ছে।
লিখিত বক্তব্যে বলা হয়, এই ষড়যন্ত্র বাস্তবায়নে মুজাহিদ বেগকে ‘ডামি প্রার্থী’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার মাধ্যমে এলাকায় উসকানি, অপপ্রচার ও সহিংসতা ছড়ানোর চেষ্টা চলছে। তারা বলেন, ‘দীর্ঘ দিন ধরে এলাকায় একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশ বিরাজ করছিল। কিন্তু মুজাহিদ বেগের মাধ্যমে পলাতক নিক্সন চৌধুরী পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন।’
সংবাদ সম্মেলন থেকে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে উসকানি ও সহিংসতার অভিযোগে মুজাহিদ বেগের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, তথাকথিত স্বতন্ত্র প্রার্থীর নামে হুমকি ও কালো টাকার ব্যবহার বন্ধ করণ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করণ।