চবিতে রোহিঙ্গাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Printed Edition
3rd-10
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রোহিঙ্গাবিষয়ক সেমিনারে অতিথিরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের আয়োজনে ‘ইন্টারসেক্টিং লিগ্যাল রেজিমস অ্যান্ড রিফিউজি প্রোটেকশন : এ সাউথ এশিয়ান পারসপেক্টিভ’ শীর্ষক এক সেমিনার গত ৯ এপ্রিল আইন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান।

উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (ঐঊঅঞ) সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী এই সেমিনারে দক্ষিণ এশিয়ার শরণার্থী সমস্যার আইনি জটিলতা এবং আন্তর্জাতিক আইন ও স্থানীয় বাস্তবতার সমন্বয় নিয়ে আলোকপাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে চবি ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান এমন উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের নিয়ে কথা বলার জন্য টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। চরম অত্যাচার-নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আমরা তাদের রোহিঙ্গা বলে জানলেও তারা কিন্তু আমাদের দেশে শরণার্থী হিসেবে রয়েছে। রোহিঙ্গাদের কিভাবে আন্তর্জাতিক আইনে সুরক্ষা দেয়া যায়, আশা করি এই সেমিনারে আলোচনা হবে।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা এবং শান্তিপূর্ণ জীবনযাপন নিয়ে ভাবতে হবে। প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শিশু বর্তমানে আমাদের জন্য ‘পটেনশিয়াল থ্রেটে’ পরিণত হয়েছে। আশা করি এই সেমিনারে আলোচনার মধ্য দিয়ে অনেক সমস্যার সমাধান বেরিয়ে আসবে।

সেমিনারে বক্তা ছিলেন নর্থ-সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ও প্রফেসর ড. রিজওয়ানুল ইসলাম ও ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের ওয়ারউইক ল স্কুলের সহযোগী অধ্যাপক ড. সাইমন ব্যাহরম্যান (উৎ. ঝরসড়হ ইবযৎসধহ)। তারা শরণার্থী অধিকার সুরক্ষায় বিদ্যমান আইনি কাঠামোর বিভিন্ন দিক এবং দক্ষিণ এশীয় দেশগুলোর অভিন্ন চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার। বিশেষ আলোচক ছিলেন নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নাসির উদ্দিন, আইন অনুষদের সাবেক ডিন ও প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, আইন বিভাগের প্রফেসর ড. আসমা বিনতে শফিক এবং বিসিআরএলএসের প্রতিষ্ঠাতা ও আইআইইউসির আইন বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত সাজ্জাত সেজান। চবি আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রকিব নবীর সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক রাশফিয়াতুর রাশপি। বিজ্ঞপ্তি।