সংবিধানের দোহাই দিয়ে গণভোট পাশ কাটানোর সুযোগ নেই : মাওলানা রফিকুল ইসলাম খান
Printed Edition
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জনগণের স্বার্থে এবং ঐকমত্যের ভিত্তিতে গঠিত সংস্কার কমিশনের প্রস্তাবনা ও অধ্যাদেশ বাস্তবায়নে গণভোটের কোনো বিকল্প নেই। সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে পাশ কাটানোর কোনো সুযোগ নেই।
শুক্রবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, গণভোট কোনো বিশেষ রাজনৈতিক দলের বিষয় নয়। বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। এটি এখন জনগণের সম্পত্তিতে পরিণত হয়েছে। কিন্তু সরকার কেন সংবিধানের অজুহাত দেখিয়ে এটি বাতিল করতে চাইছে, তা বোধগম্য নয়।
সংবিধানে গণভোটের বিধান নেই সরকারের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ১৯৭৭ সালে জিয়াউর রহমান, ১৯৮৬ সালে এরশাদ এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার শাসনামলেও গণভোট অনুষ্ঠিত হয়েছে।
তখন যদি সংবিধান বাধা না হয়ে থাকে, তবে এখন কেন এ প্রশ্ন তোলা হচ্ছে? যদি গণভোট বৈধ না হয়, তবে এ অন্তর্বর্তীকালীন সময়ে একই অর্ডারের অধীনে হওয়া নির্বাচন কিভাবে বৈধ হয়?
তিনি আরো উল্লেখ করেন যে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এক সময় গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ নিজেই গণভোটের প্রস্তাব দিয়েছিলেন। এখন সংবিধানের দোহাই দিয়ে তারা তালবাহানা শুরু করেছেন।
প্রণোদনা কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম.আরিফ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনসহ অনেকে।