গার্মেন্টশ্রমিকদের জন্য ডিজিটাল হাসপাতাল প্রকল্প চালু
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
দেশের তৈরী পোশাক শিল্পে শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মানসিক সহায়তা সহজলভ্য করতে যৌথভাবে ডিজিটাল হাসপাতাল প্রকল্প চালু করছে নুভিস্তা ফার্মা পিএলসি, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং অলওয়েল বিডি লিমিটেড। উদ্যোগটি বিশেষ করে নারীশ্রমিকদের প্রজনন স্বাস্থ্য, স্ত্রীরোগ, মানসিক সহায়তা ও বিশেষজ্ঞ পরামর্শ আরো সহজ, দ্রুত ও সাশ্রয়ী করে তুলবে। বুধবার নুভিস্তা ফার্মার ব্যবস্থাপনা পরিচালক এস এম রাব্বুর রেজা, অলওয়েল বিডির চেয়ারম্যান মোজাহেদুল হক আবুল হাসানাত এবং বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকে সই করেন।
প্রকল্পের অংশ হিসেবে নুভিস্তা ফার্মা শ্রমিকদের জন্য একটি কাঠামোগত রেফারেল নেটওয়ার্ক গড়ে তুলবে, যা সময়মতো বিশেষজ্ঞ চিকিৎসা, পরীক্ষা ও ফলোআপ নিশ্চিত করবে।
নুভিস্তা ফার্মার এমডি এস এম রাব্বুর রেজা বলেন, ‘প্রতিটি শ্রমিকেরই মানসম্মত স্বাস্থ্যসেবার অধিকার আছে। ডিজিটাল হাসপাতালের মাধ্যমে বিশেষ করে নারীশ্রমিকদের জন্য প্রয়োজনীয় শারীরিক ও মানসিক সেবার প্রবেশাধিকার বাড়বে।’
ডিজিটাল প্ল্যাটফর্মটি পরিচালনা করবে অলওয়েল বিডি লিমিটেড। প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টা টেলি-পরামর্শ, নিরাপদ ইএইচআর ব্যবস্থাপনা, নিয়মিত ফলোআপ ও কারখানাভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। অলওয়েলের চেয়ারম্যান মোজাহেদুল হক আবুল হাসানাত বলেন, ‘শ্রমিকরা চিকিৎসা নিতে যে প্রচলিত বাধার সম্মুখীন হন, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম তা কমিয়ে একটি দ্রুত ও রেসপনসিভ স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলবে।’
কারখানাগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা, মানবসম্পদ ও কমপ্লায়েন্স টিমকে সমন্বয় করা এবং শ্রমিকদের সাথে কার্যকর যোগাযোগ করবে বিজিএমইএ। বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান বলেন, ‘কারখানার ভেতরেই ডিজিটাল স্বাস্থ্যসেবা পৌঁছানো গেলে শ্রমিকদের অবহেলিত অসুস্থতা কমবে এবং সার্বিক কর্মদক্ষতা বাড়বে।’
প্রকল্পের প্রথম ধাপে পাঁচ হাজার শ্রমিককে যুক্ত করা হবে এবং তিন মাসের মধ্যে সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০ হাজারে। অংশগ্রহণকারী শ্রমিকরা এক বছরের ডিজিটাল স্বাস্থ্যসেবা পাবেন। সমঝোতা অনুযায়ী, তিন প্রতিষ্ঠানই ত্রৈমাসিক অগ্রগতি, গোপনীয়তা, সেবার মান ও প্রকল্প সম্প্রসারণ যৌথভাবে তদারকি করবে।