বকেয়া না দিয়েই কারখানা বন্ধ টঙ্গীতে শ্রমিকদের বিক্ষোভ
Printed Edition
গাজীপুর মহানগর প্রতিনিধি
তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই হঠাৎ কারখানা বন্ধ করে দেয়ার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। শনিবার দুপুর ১২টায় টঙ্গী প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
টঙ্গী পশ্চিম থানাধীন কাঁঠালদিয়া এলাকায় অবস্থিত আলট্রা ওয়াশিং এন্ড ডায়িং লিমিটেড কারখানার দেড় শতাধিক শ্রমিক মানববন্ধনে অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, তিন মাসের বেতন বকেয়া রেখেই কোনো প্রকার পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। বেতনভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।
কারখানার শ্রমিক জাকির হোসেন বলেন, ‘কর্তৃপক্ষ বারবার সময় নিয়ে শুধু আশ্বাসই দিয়ে গেছে। কিন্তু আজ পর্যন্ত এক টাকাও পরিশোধ করেনি। কারখানা কবে খুলবে সে বিষয়েও তারা চুপ।’
শ্রমিকরা জানান, বকেয়া বেতন না পেয়ে অনেকের সংসারে চুলা জ্বলছে না। শিশুদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম, ঘরভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে। দেড় শতাধিক শ্রমিক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
মানববন্ধন শেষে শ্রমিকরা কারখানার গেটে গিয়ে বিক্ষোভ করেন এবং দ্রুত বকেয়া পরিশোধ ও কারখানা চালুর সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।