দীর্ঘদিন পর শাবনূরের সাথে দেখা হলো শাহনূরের

Printed Edition
bino-2
দীর্ঘদিন পর শাবনূরের সাথে দেখা হলো শাহনূরের

বিনোদন ডেস্ক

বাংলাদেশের সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই তিনি তার একমাত্র ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। গত ১৭ ডিসেম্বর ছিল শাবনূরের জন্মদিন। জন্মদিন উপলক্ষে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি চিত্রনায়ক অমিত হাসান, তার স্ত্রী লাবণী ও প্রিয়দর্শিনী মৌসুমীর সাথে জন্মদিন উদযাপন করেন। শাবনূর এখনো যুক্তরাষ্ট্রেই আছেন। এরই মধ্যে দু’দিন আগে একটি ঘরোয়া অনুষ্ঠানে শাবনূরের সাথে দেখা হয় একসময়ের দর্শকপ্রিয় নায়িকা শাহনূরের। শাবনূরের সাথে বেশ কয়েক বছর পর তাও আবার দেশের বাইরে যুক্তরাষ্ট্রে দেখা হয়েছে। শাবনূরকে দেখতে পেয়ে এবং তার সাথে গল্প করে, সময় কাটিয়ে ভীষণ আবেকগাপ্লুত হয়ে পড়েন শাহনূর। শাবনূরের সাথে শাহনূর বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন। তবে সে সংখ্যা খুব বেশি নয়। তার পরেও শাবনূর ও শাহনূরের মধ্যে বেশ চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একসময় এসে শাহনূর ঘোষণাও দিয়েছিলেন যে, শাবনূরকে নিয়ে তিনি তথ্যচিত্র নির্মাণ করবেন। কিন্তু যে সময়টাতে শাহনূর ঘোষণা দিয়েছিলেন, এর পর থেকেই শাবনূর অস্ট্রেলিয়াতেই নিয়মিতভাবে বসবাস শুরু করেন। যে কারণে শাহনূরের আর তথ্যচিত্র নির্মাণের সুযোগ হয়ে ওঠেনি। শাবনূরের সাথে দীর্ঘদিন পর দেখা হওয়া প্রসঙ্গে শাহনূর বলেন, ‘যুক্তরাষ্ট্রে এলে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এখানে স্থায়ী হওয়া শিল্পীদের সাথে দেখা হয়। তবে আমার প্রিয় বান্ধবী শাবনূরের সাথে কোনো অনুষ্ঠানে নয়, একটি ঘরোয়া অনুষ্ঠানে দেখা হয়েছে। বেশ কয়েক বছর পর তার সাথে আমার দেখা হয়েছে। আমরা দু’জন সর্বশেষ দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে একসঙ্গে গিয়েছিলাম। এরপর আর আমাদের সেভাবে দেখা হয়নি। তবে যোগাযোগটা নিয়মিত ছিল। শাবনূর একজন অভিনেত্রী হিসেবে যেমন অনেক অনেক গুণী একজন অভিনেত্রী, নায়িকা হিসেবে এখনো জনপ্রিয় পাশাপাশি একজন ভালো মনের মানুষ। তার সঙ্গ আমি সবসময়ই উপভোগ করি। অনেক দিন পর তার সাথে দেখা হয়ে ভীষণ ভালোলাগল। আমরা অনেকটা সময় গল্পে গল্পে পুরনো দিনে ফিরে গিয়েছিলাম। আমি সবসময়ই দোয়া করি শাবনূর ভালো থাকুক, সুস্থ থাকুক।’ উল্লেখ্য, স্বপ্নের বাসর, স্বপ্নের ভালোবাসা, প্রেম সংঘাত, নয়ন ভরা জল, এ পৃথিবী আমার, মন ছুঁয়েছে মন, এ চোখে শুধু তুমিসহ আরো বেশ কয়েকটি সিনেমায় শাবনূরের সাথে অভিনয় করেছেন শাহনূর। উল্লেখ্য, শাহনূর কুইন্স থেকে জামাইকাতে গিয়ে শাবনূরের সাথে দেখা করেন।