চট্টগ্রাম আদালত চত্বরে জামায়াত প্রার্থী ডা: ফজলুল হকের গণসংযোগ
Printed Edition
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-৯ আসনে জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী ডা: এ কে এম ফজলুল হক চট্টগ্রাম আদালত ভবন (কোর্ট বিল্ডিং) এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম আদালত চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে ডা: এ কে এম ফজলুল হক বলেন, দেশ বর্তমানে রাজনৈতিক ও নৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণ এখন সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব প্রত্যাশা করছে। তিনি দাবি করেন, চট্টগ্রাম-৯ আসনের মানুষ দীর্ঘ দিন উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকাবাসী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিতে প্রস্তুত।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও জনগণের অধিকার আদায়ে কাজ করছে। নির্বাচিত হলে এই এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত করার অঙ্গীকার করেন তিনি।
গণসংযোগকালে ডা: ফজলুল হকের সাথে বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশ ল ইয়ারস কাউন্সিল চট্টগ্রামের সভাপতি অ্যাডভোকেট আবদুল মালিক ও সেক্রেটারি অ্যাডভোকেট শামসুল আলম, চট্টগ্রাম আইনজীবী শাখার সভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমান ও সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল্লাহ আল গালিব এবং এলডিপি নেতা অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ ল ইয়ারস কাউন্সিলের বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।
প্রচারণা চলাকালে নেতারা সাধারণ জনগণ ও আইনজীবীদের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন ও দোয়া কামনা করেন। বিজ্ঞপ্তি।