পলাশী দিবস উপলক্ষে রাবিতে মৌন র্যালি
Printed Edition
রাবি প্রতিনিধি
ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সেন্টার ফর হেরিটেজের (সিএইচএস) উদ্যোগে একটি মৌন র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় সেন্টার ফর হেরিটেজের নির্বাহী পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, “পলাশী হলো সেই আয়না, যার মাধ্যমে শত্রু-মিত্রকে সহজেই শনাক্ত করা সম্ভব। পলাশীর পর যেমন আধিপত্যবাদীদের দোসররা এ দেশের সম্পদ লুট করেছিল, তেমনি নব্য মীরজাফররাও গত দেড় দশকে দেশের সম্পদ লুটপাট করে দেশকে করদরাজ্যে পরিণত করার চেষ্টা করেছে।” তিনি আরও বলেন, “পলাশীর চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশ রক্ষা ও দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে পলাশীর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” সমাবেশে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: নুর হোসেন, সমাজকর্ম বিভাগের প্রভাষক মো: তানভীর হোসেন, কবি মোশতাক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী এবং লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।