বলিভিয়ায় কার্গো বিমান বিধ্বস্ত নিহত ২০
Printed Edition
রয়টার্স, টিআরটি ওয়ার্ল্ড
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে বিধ্বস্ত হয়েছে দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানোতে ভরা একটি সামরিক কার্গো বিমান। বিমানটি কয়েকটি যানবাহনের ওপর পতিত হওয়ায় সেগুলোও বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন ছাপানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ রাজধানী লা পাজের সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরের কাছাকাছি আসার পর অবতরণের সময় সেটি রানওয়ে থেকে সরে যায় এবং কাছাকাছি মহাসড়কে বিধ্বস্ত হয়। বিমানটি আছড়ে পড়ার পর সেটিতে আগুন ধরে যায়। দ্রুতি ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্যালিনাসের বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি। বিমানবন্দরের ফায়ার সার্ভিস বাহিনীর প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানিয়েছেন, তারা দুর্ঘটনাস্থল থেকে ২০ জনের লাশ উদ্ধার করেছেন। তবে এই নিহতদের মধ্যে কতজন বিমানযাত্রী ছিলেন এবং কতজন ক্ষতিগ্রস্ত গাড়িগুলোতে ছিলেন- তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।
তবে জেনারেল লোরা এক বিবৃতিতে জানিয়েছেন, কার্গো বিমানটিতে মোট ছয়জন ক্রু ছিল। তাদের মধ্যে চারজনের লাশ মিললেও দু’জনের খোঁজ এখনো মেলেনি।