লৌহজংয়ে ‘চোর’ সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত

Printed Edition

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা বেদে পল্লীর শহিদুলের ছেলে ছানারুল (৩০) ও ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে আনুমানিক ৩টার দিকে সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির সময় স্থানীয়রা ওই দুই যুবককে হাতেনাতে ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতার মারধরে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে লৌহজং থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, গত দুই সপ্তাহ আগে ওই এলাকায় একটি খামার থেকে ছাগল চুরির ঘটনার পেছনেও এই দুই যুবক জড়িত ছিলেন বলে তারা সন্দেহ করছিলেন। আবার চুরির সময় ধরা পড়ায় জনরোষের সৃষ্টি হয়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, লাশ দু’টি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বিকেল পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে গোয়ালিমান্দ্রা এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।