ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১০
Printed Edition
রয়টার্স
ইউক্রেনজুড়ে শনিবার রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে একটি পাঁচতলা আবাসিক ভবনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১৫ জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া অন্তত ৪৮০টি ড্রোন ও ২৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
হামলার মূল লক্ষ্য ছিল বিদ্যুৎ খাত ও রেল যোগাযোগ অবকাঠামো। খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানান, শহরের একটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে প্রাণহানির ঘটনা ঘটে। এতে ১৯টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাণিজ্যিক ভবন, বিদ্যুৎ লাইন ও ব্যক্তিগত গাড়িও ধ্বংস হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের সামরিক শিল্প এলাকা, বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। রাজধানী কিয়েভেও এর প্রভাব পড়েছে। প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো জানিয়েছেন, কিয়েভে তিনটি জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে এবং এতে আরো তিনজন আহত হয়েছেন।