সংসদে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

৫ বছরে এক কোটি বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা

Printed Edition

সংসদ প্রতিবেদক

নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি কর্মপরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নুরুল হক। তিনি সংসদকে জানান, এর অংশ হিসেবে সরকারের ১৮০ দিনের একটা রোডম্যাপ (ছয় মাসের পরিকল্পনা) এবং পর্যায়ক্রমে পাঁচ বছরে বাস্তবায়নের টার্গেট রয়েছে।

গতকাল সোমবার জাতীয় সংসদ অধিবেশনে বিরোধীদলীয় সংসদ সদস্য মো: মাজেদুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী প্রশ্নের জবাব দেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, দুঃখজনক যে আমরা সরকার দায়িত্ব নেয়ার পরেই ইরান, ইসরাইল, যুক্তরাষ্ট্রের একটা যুদ্ধের মধ্যে পড়ে গেছি। যার ফলে দেশের শ্রমবাজারের একটি বড় জায়গা মধ্যপ্রাচ্য, সেই জায়গাটি সংকুচিত হয়ে যাচ্ছে। একই দিকে আবার আমাদের একটা বড় দ্বিতীয় শ্রমখাত হিসেবে মালয়েশিয়া আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সেই বাজারটি দীর্ঘদিন বন্ধ ছিল। কিছুদিন আগেই আমাদের মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সফর করে মালয়েশিয়া সরকারের সাথে একটা ভালো ফলপ্রসূ আলাপ-আলোচনা করেছেন, আশা করি এই বাজারটি খুবশিগগিরই খুলে যাবে।

একই প্রশ্নের জবাবে নুরুল হক জানান, থাইল্যান্ডেও আমাদের একটা ভালো সম্ভাবনা, কম্বোডিয়াতেও আমরা কাজ করছি। এই সরকার দায়িত্ব নেয়ার পরে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছি, আশা করি তার সুফল অন্তত ছয় মাসের মধ্যে দৃশ্যমান হবে।

অপর এক প্রশ্নের জবাবে নুরুল হক বলেন, খাদ্যাভ্যাস ও পরিবেশের মিল থাকায় কর্মজীবীদের পছন্দের জায়গা মালয়েশিয়া। তা আমাদের শ্রমবাজারের বড় জায়গাও বটে। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে এটি বন্ধ আছে। এই (প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান) মন্ত্রণালয়ের মন্ত্রী মালয়েশিয়া সফর করেছেন এবং সংশ্লিষ্টদের সাথে ইতিবাচক আলাপ-আলোচনা হয়েছে। খুব দ্রুতই বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার পথটুকু খুলে যাবে। আশা করি খুব দ্রুতই একটি ফলাফল আমরা পাবো।

কবে নাগাদ শ্রমবাজার খুলবে- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নির্দিষ্টভাবে দিন-তারিখ বলা যাবে না। কারণ এটি মালয়েশিয়া সরকারের বিষয়, তবে আমরা প্রস্তুত আছি। প্রশিক্ষণসহ আমাদের লোকবল প্রস্তুত আছে। মালয়েশিয়া থেকে সঙ্কেত পেলেই এখান থেকে কর্মী যাওয়া শুরু হবে।

বিদেশে এক কোটি ৩০ লাখের বেশি কর্মী কর্মরত

মৌলভীবাজার-১ আসনের নাছির উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক সংসদকে জানান, বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে এক কোটি ৩০ লাখের বেশি কর্মী কর্মরত রয়েছে।

কিশোরগঞ্জ-১ আসনের শেখ মুজিবুর রহমান ইকবালের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০০৪ সাল থেকে বর্তমান পর্যন্ত বিদেশে পাঠানো কর্মীর সংখ্যা এক কোটি ৪৪ লাখ ৮১ হাজার ৭৪৫ জন। এই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে সংসদে মন্ত্রীর উপস্থাপিত তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে ২৩ দশমিক ৯২ বিলিয়ন, ২০২৪-২৫ অর্থবছরে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ও চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত ২৯ দশমিক ২২ বিলিয়ন রেমিট্যান্স এসেছে।

নোয়াখালী-৩ আসনের আবদুল হান্নান মাসউদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে নারী কর্মীর সংখ্যা ৬২ হাজার ৩৫২ জন।