ন্যাটো সীমান্তের কাছে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
ইউরোপে নিরাপত্তা সঙ্কট
Printed Edition
রয়টার্স
রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের কাছাকাছি একটি লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলা ইউরোপীয় নিরাপত্তার জন্য নতুন হুমকি সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি প্রতিক্রিয়া প্রয়োজন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এই হামলা প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বাসভবনে কথিত ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে। তবে ইউক্রেন এ অভিযোগ অস্বীকার করেছে এবং যুক্তরাষ্ট্র জানিয়েছে, এমন কোনো হামলার ঘটনা ঘটেনি। এটি মাত্র দ্বিতীয়বারের মতো রাশিয়া ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল, যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং অত্যন্ত দ্রুতগামী হওয়ায় প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকানো প্রায় অসম্ভব বলে মনে করা হয়। হামলার রাতে রাশিয়া ইউক্রেনজুড়ে ব্যাপক আকাশ হামলা চালায়। কিয়েভে অন্তত চারজন নিহত হয়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং কাতারের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়।