মাঠপর্যায়ে পাট বীজের সরবরাহ বাড়াতে বাকৃবিতে বিএডিসির কর্মশালা

Printed Edition

বাকৃবি প্রতিনিধি

ময়মনসিংহ অঞ্চলে পাটবীজের বিক্রি বাড়াতে ‘পাটবীজ বিক্রয় ত্বরান্বিতকরণ কর্মশালা-২০২৫’ আয়োজন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি)। গতকাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে প্রতিষ্ঠানটির পাটবীজ বিভাগ। পাটচাষি, বীজ ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এ কর্মশালার লক্ষ্য ছিল মাঠপর্যায়ে বীজ সরবরাহ ও ব্যবস্থাপনায় গতিশীলতা আনা। বিএডিসির যুগ্ম সচিব ও বীজ ও উদ্যান বিভাগের সদস্য পরিচালক মো: মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন করপোরেশনের চেয়ারম্যান মো: রুহুল আমিন খান। কর্মশালায় বীজ বিক্রি, বীজের গুণগত মান নিশ্চিতকরণ, প্যাকেজিং ও সংরক্ষণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে স্টেকহোল্ডারদের দিকনির্দেশনা দেন বিএডিসি কর্মকর্তারা। পাটচাষি, ডিলার ও মাঠপর্যায়ে কাজ করা কর্মকর্তাদের সাথে মুক্ত আলোচনায় তাঁরা বীজ সরবরাহে মাঠের বাস্তব সমস্যা শোনেন।