শহীদ শেখ বেলাল উদ্দীন সাংবাদিকতাকে মিশন হিসেবে নিয়েছিলেন
স্মরণসভায় গোলাম পরওয়ার
Printed Edition
খুলনা ব্যুরো
শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দীনের ২১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, শেখ বেলাল উদ্দীন সাংবাদিকতাকে শুধু পেশা নয় মিশন হিসেবে নিয়েছিলেন। পেশার প্রতি তার কমিটমেন্ট, জনগণের প্রতি ভালোবাসা ও মমত্ব, ভিন্ন মতাদর্শের মানুষের সাথে নম্র ও বন্ধুসুলভ আচরণের বর্ণনা দিয়ে গোলাম পরওয়ার বলেন, ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে শহীদি মৃত্যুকেই তিনি সর্বশ্রেষ্ঠ মনে করতেন। আহতাবস্থায় ঢাকায় যাওয়ার আগে স্ত্রীকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন, তুমি শহীদের স্ত্রীর মর্যাদা পাবে।
তিনি শহীদ সাংবাদিক বেলালের আদর্শকে ধারণ করে আগামীর পথ চলার আহ্বান জানান। সেই সাথে একুশে পদকের জন্য সাংবাদিক বেলালের নাম যথাসময়ে মন্ত্রণালয়ে প্রস্তাবের ব্যবস্থা, সড়কের নামকরণে যথাযথ উদ্যোগ নেয়া এবং হত্যা মামলার পুনঃতদন্তের বিষয়ে পদক্ষেপ নিতে সহযোগিতার অঙ্গীকার করেন।
গতকাল দুপুরে এমইউজে খুলনার সভাপতি মো: রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক রানার পরিচালনায় দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে এ স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ও খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এমইউজে খুলনার সাবেক সভাপতি মো: আনিসুজ্জামান, সহসভাপতি মো: নূরুজ্জামান, সহসাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, নির্বাহী মো: এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত, কেইউজের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন, খুলনা সংবাদপত্র পরিষদের কোষাধ্যক্ষ মো: তরিকুল ইসলাম, আবুল হাসান হিমালয়, সৈয়দ তরিকুল ইসলাম, আহমদ মুসা রঞ্জু, ড. ফোরকান আলী, মাশরুর মুর্শেদ ও আবুল হাসান শেখ। পরে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি খুলনা প্রেস ক্লাব চত্বরে সন্ত্রাসীদের বোমা হামলায় শেখ বেলাল উদ্দীন আহত হন এবং ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ১১ ফেব্রুয়ারি শাহাদতবরণ করেন।