মুন্সীগঞ্জের ৩টি আসনে কোটিপতি প্রার্থীর ছড়াছড়ি
Printed Edition
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের সম্পদের চিত্র প্রকাশ পেয়েছে। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা বিশ্লেষণে দেখা যায়, জেলার ছয়টি উপজেলা নিয়ে গঠিত তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা ১৭ জন প্রার্থীর মধ্যে ছয়জনই কোটিপতি এবং বাকি ১১ জন লাখপতি।
হলফনামা অনুযায়ী, সম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী শিল্পপতি শেখ মো: আব্দুল্লাহ। তার ঘোষিত মোট সম্পদের পরিমাণ ৪৪ কোটিরও বেশি। অপর দিকে একই আসনের ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ দলের প্রার্থী রোকেয়া আক্তার সবচেয়ে কম সম্পদের মালিক। তার সম্পদের পরিমাণ মাত্র কয়েক লাখ টাকা। তিনটি আসনে কোটিপতি প্রার্থীদের মধ্যে বিএনপির তিনজন রয়েছেন। তারা হলেন- শেখ মো: আব্দুল্লাহ, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং মো: কামরুজ্জামান রতন। এ ছাড়া জাতীয় পার্টির এ এফ এম আরিফুজ্জামান দিদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের কে এম বিল্লাল এবং জাতীয় নাগরিক পার্টির মাজেদুল ইসলামও কোটিপতি প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।
মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর) আসনে যাচাই-বাছাই শেষে চার প্রার্থী চূড়ান্ত হয়েছেন। তাদের মধ্যে একমাত্র কোটিপতি প্রার্থী বিএনপির শেখ মো: আব্দুল্লাহ। অন্য তিন প্রার্থীর সম্পদ কয়েক লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ।
মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি ও লৌহজং) আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে তিনজন কোটিপতি প্রার্থী রয়েছেন। বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির প্রার্থীরা সম্পদের দিক থেকে এগিয়ে। অন্য চার প্রার্থী সবাই লাখপতি। মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে ছয়জন প্রার্থী নির্বাচনী দৌড়ে রয়েছেন। তাদের মধ্যে বিএনপি ও জাতীয় পার্টির দুই প্রার্থী কোটিপতি। অন্যদের সম্পদ কয়েক লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ।
নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থীদের হলফনামায় প্রকাশ পাওয়া সম্পদের এই চিত্র স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেক ভোটারই বলছেন, প্রার্থীদের সম্পদের পার্থক্য নির্বাচনী আচরণ ও জনগ্রহণযোগ্যতায় কী প্রভাব ফেলে সেটিও দেখার বিষয়।