জনরায়কে অবমূল্যায়ন করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয় : অ্যাডভোকেট হেলাল
Printed Edition
বরিশাল ব্যুরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে জনরায় ও গণভোটকে অবমূল্যায়ন করার চেষ্টা সফল হবে না। তিনি সতর্ক করে বলেন, ‘সংবিধানে গণ-অভ্যুত্থানের কথা লেখা ছিল না, কিন্তু জনগণ তা করে দেখিয়েছে। ২১২ আসন পেয়ে যারা জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চাচ্ছেন, তারা মনে রাখবেন- ইতিহাস কাউকে ছাড় দেয় না।’
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ সকালে বরিশাল মহানগর জামায়াত কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট হেলাল বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব বিশ্বের ইতিহাসে একটি অনন্য ঘটনা। এই বিপ্লবের কারণেই বেগম খালেদা জিয়া কারামুক্ত হয়েছেন এবং তারেক রহমান দেশে ফিরতে পেরেছেন। তিনি আরো বলেন, ২০০৮ সালের বিতর্কিত নির্বাচনের পর সংবিধান কাটছাঁট ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। বর্তমানে সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার পরিবর্তে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হলে জনগণ তা প্রতিহত করবে। সভাপতির বক্তব্যে মহানগর আমির জহির উদ্দিন মু: বাবর বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি শাসকগোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন হলেও মানুষ প্রকৃত অধিকার পায়নি। সেই অধিকার আদায়ের লক্ষ্যেই ছাত্র-জনতা জুলাইয়ে পুনরায় রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘প্রায় দুই হাজার শহীদ ও ৩০ হাজার আহতের ত্যাগের বিনিময়ে আপনারা আজ ক্ষমতাসীন। জনগণের নাড়ির স্পন্দন বুঝতে না পারলে পুনরায় বিপদের আশঙ্কা রয়েছে।’
বরিশাল মহানগর কোতোয়ালি উত্তর থানা সেক্রেটারি জাবের হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান ও শামিম কবির। সভায় অন্যান্যের মধ্যে অধ্যাপক গোলাম গোফরান, বায়জীদ বোস্তামী, মোকছেদুর রহমান ও আব্দুস সাত্তার খানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।