বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ

Printed Edition

চীনা প্রতিষ্ঠান অ্যাডেলিন বিউটি টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি ফ্যাশন ও সৌন্দর্য প্রসাধনী পণ্য উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি গতকাল বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রতিষ্ঠানটি উক্ত কারখানা স্থাপনে দুই কোটি ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং এর মাধ্যমে প্রায় চার হাজার ১৭০ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অ্যাডেলিন বিউটি টেকনোলজি কারখানায় উইগ, আইল্যাশ ও কসমেটিক নেইলসহ বিভিন্ন ধরনের ফ্যাশন হেয়ার ও সৌন্দর্য পণ্য উৎপাদন করবে। উৎপাদিত পণ্য প্রধানত যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, মেক্সিকোসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রফতানি করা হবে। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষে অ্যাডেলিন বিউটি টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. হ্যাং সান চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো: খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।