বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের কথা ভুলে গেছে : মিয়া গোলাম পরওয়ার
Printed Edition
বরিশাল ব্যুরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, যারা ক্ষমতায় গেলেন তারা জুলাই আন্দোলনের কথা ভুলে গেছেন। ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যাওয়ার দিন ভুলে যান। ১১ দলীয় জোটের যে জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে তাতে আগামীর সব স্থানীয় নির্বাচনে ১১ দলীয় জোট অংশ নেবে।
গতকাল নগরীর একে স্কুল মাঠে জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক এই এমপি বলেন, এই জুলাই আন্দোলনের ছাত্র-জনতা যে ইনসাফ চেয়েছিলেন, সেই ইনসাফের কথা কুরআনে উল্লেখ রয়েছে। কুরআন একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এই কুরআনই হলো আল্লাহর আইন। অন্তরে কুরআনের ভয় না থাকলে রাষ্ট্র ও সমাজ সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। তাকওয়া অনুযায়ী যদি ওসি, ডিসি, এসপি ও আমলারা রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে রাষ্ট্রে শান্তি ফিরে আসবে। জান্নাত-জাহান্নামের মালিক দেখছেন আমি-আপনি কী তাকওয়া অনুযায়ী চলছি?
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, সারা দেশে জামায়াতের জাগরণ সৃষ্টি হয়েছিল। মানুষ ভোটও দিয়েছিল। কিন্তু সেই ভোট কেড়ে নেয়া হয়েছে। কারচুপি করে ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে দেয়া হয়েছে। যে বিষয়টি কিছুদিন আগে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সঞ্চালনা করেন বরিশাল মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান ও সহকারী সেক্রেটারি হাফেজ মুহাম্মদ আতিকুল্লাহ।