পুতিনের সাথে বৈঠক করতে মস্কোতে মার্কিন কর্মকর্তা
Printed Edition
এনবিসি নিউজ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। ওয়াশিংটনের আশা, বহুল আকাক্সিক্ষত এই বৈঠকের পর ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে রাজি হবে ক্রেমলিন। ফ্লোরিডায় চলতি সপ্তাহে ইউক্রেনীয় কর্মকর্তাদের সাথে আলোচনার ধারাবাহিকতায় পুতিনের কাছে শান্তি পরিকল্পনার এমন একটি সংস্করণ উপস্থাপন করবেন উইটকফ, যা কিয়েভের সাথে সমঝোতা হয়েছে। তিনি আশা করছেন, এর মাধ্যমে পুতিন কঠোর অবস্থান থেকে কিছুটা নমনীয় হবেন।
নতুন করে সাজানো পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। গত মাসে ট্রাম্পের অনুমোদিত প্রস্তাবটি রাশিয়াপন্থী বলে সমালোচিত হয়। এতে কিয়েভকে মস্কোর কাছে তাদের কিছু ভূখণ্ড ছাড়তে বাধ্য করা হবে, যার মধ্যে রয়েছে বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা এলাকা। পরিকল্পনায় ইউক্রেনের সেনাবাহিনীর আকার ছোট করার প্রস্তাবও ছিল এবং দেশটিকে ন্যাটোতে যোগ দেয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করার কথাও বলা হয়েছিল।
ইউক্রেনের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দখলের দাবি রাশিয়ার
এ দিকে আলজাজিরা জানায়, ইউক্রেন থেকে দনবাস অঞ্চলের প্রবেশদ্বার বলে পরিচিত পোকরোভস্ক শহরটি দখল করে নেয়ার দাবি করেছে রাশিয়া। এই শহরটি পূর্বাঞ্চলে ইউক্রেনের অন্যতম লজিস্টিক হাব হিসেবেও পরিচিত, অর্থাৎ শহরটির সামরিক গুরুত্ব অনেক বেশি। দীর্ঘদিনের লড়াই শেষে রুশ বাহিনী এই দাবি করলো।
রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে যে- তারা পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ লজিস্টিকস হাব পোকরোভস্ক শহরটি দখল করেছে। প্রায় দুই বছর ধরে অবরুদ্ধ থাকা এই শহরটি স্থানীয় সময় রোববার রাতে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে আসে বলে দাবি করা হয়েছে।
সোমবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। রুশ সেনাবাহিনীর চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে উদ্ধৃত করে পোস্টে আরো বলা হয়, খারকিভ অঞ্চলের ভভচানস্ক শহরটিও রুশ বাহিনী দখল করেছে। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রুশ সংবাদ সংস্থা তাসকে গেরাসিমভ জানিয়েছেন, গত রোববার রাতে পুতিন ফ্রন্টলাইনের একটি কমান্ড সেন্টার পরিদর্শন করার সময় তিনি পোকরোভস্ক দখলের খবর পেয়েছেন। পোকরোভস্ক দোনেৎস্ক অঞ্চলের একটি বড় পরিবহন কেন্দ্র। পূর্ব ইউক্রেনের এই চারটি অঞ্চলকেই রাশিয়া নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে। একসময় ৬০ হাজার মানুষের শহরটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ ড্রোন, গোলাবর্ষণ ও বোমা হামলায় বিধ্বস্ত হয়েছে এবং বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেন এখনো আনুষ্ঠানিকভাবে শহরটি হারানোর কথা স্বীকার করেনি। তবে রয়টার্স জানিয়েছে, রুশ বাহিনী পোকরোভস্কের রাস্তায় সৈন্যদের মার্চপাস্ট ও রুশ পতাকা ওড়ানো দৃশ্যের ভিডিও ছড়িয়ে দিচ্ছে। তাসের খবরে বলা হয়েছে, পরে পুতিন রুশ বাহিনীকে এ সাফল্যের জন্য অভিনন্দন জানান। পুতিন বলেন, ‘ক্রাসনোআর্মেইস্ক (পোকরভস্কের রুশ নাম) সংক্রান্ত এ অভিযানের ফলাফলের জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। অবশ্যই, আমাদের যোদ্ধারা, যারা এসব যুদ্ধ কাজ সম্পন্ন করছে।’