চাঁদা না দেয়ায় ঠিকাদারকে মসজিদ থেকে তুলে নিয়ে নির্যাতন
Printed Edition
আবু সালেহ আকন
দাবিকৃত ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ঠিকাদারকে চার ঘণ্টা ঝুলিয়ে নির্যাতন চালানো হয়েছে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার স্বেচ্ছাসেবক দল সেক্রেটারি শাহিনের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বিআইডব্লিউটিএর ঠিকাদার নিজাম উদ্দিন তার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বরিশাল কনেকস্টেশন নামে বিআইডব্লিউটিএর ঢাকা নদী বন্দর থেকে বুড়িগঙ্গা নদীর হাসনাবাদ বেড়িবাঁধের সৌন্দর্য বর্ধনের কাজ করে আসছেন।
গত শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি ফয়েজ আহমেদ শাহীন ঠিকাদার নিজাম উদ্দিনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে গত শুক্রবার ইফতারের পর মসজিদে নামাজ পড়তে গেলে নিজাম উদ্দিনকে হাসনাবাদ মসজিদ থেকে তুলে নিয়ে ফয়েজ আহমেদ তার টর্চার সেলে নিয়ে ঠিকাদার নিজাম উদ্দিনের হাত, পা, ও মুখ বেঁধে উল্টো করে ঝুলিয়ে দলীয় ৪/৫ জন ক্যাডার নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে চার ঘণ্টা ধরে ফয়েজ আহমেদ অমানুষিক নির্যাতন করতে থাকে। পা উপরে এবং মাথা নিচে দিয়ে ঝুলিয়ে রাখার কারণে একপর্যায়ে ঠিকাদার নিজামের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে স্বেচ্ছাসেবক দলের টর্চার সেল থেকে নিজামকে হাসনাবাদ পোস্তগোলা ব্রিজের নিচে রাস্তার উপরে ফেলে রাখে। রাতে এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঠিকাদারের স্ত্রী মরিয়াম বেগম ও তার দেবর রক্তাক্ত অবস্থায় নিজামকে উদ্ধার করে শুক্রবার রাত ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই নির্মম ও অমানুষিক নির্যাতনের বিবরণ দিতে গিয়ে নিজামের স্ত্রী মরিয়ম বলেন, কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন নির্যাতনের কারণে নিজাম উদ্দিনের দু কানের পর্দা ফেটে গেছে এবং মাথার মগজের রগে রক্ত জমাট হওয়া তার উন্নত চিকিৎসা করা দরকার। পরে শনিবার ঢাকা মেডিক্যাল থেকে পিজি মেডিক্যাল বিশ্ব বিদ্যালয় পাঠান হয়। শনিবার রাতে আবার পিজি থেকে সোহরাওয়ার্দী মেডিক্যাল পাঠানো হয়। এ দিকে, ৫০ লাখ টাকা চাঁদার জন্য টর্চার সেলে ঝুলিয়ে নির্মমভাবে অমানুষিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতা ফয়েজ আহমেদ শাহীনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানায়। একই সাথে নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরো ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে নির্যাতিত ঠিকাদার নিজাম উদ্দিনের স্ত্রী মরিয়মসহ তার পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বহিষ্কৃৃত স্বেচ্ছাসেবক দলের নেতা ফয়েজ আহমেদ। থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম গণমাধ্যকে বলেন, ফয়েজ আহমেদসহ অভিযুক্তদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।
অন্য দিকে ভুক্তভোগী পরিবার বলছে দ্রুত চাঁদাবাজ ফয়েজ আহমেদসহ জড়িত অপরাধীদের গ্রেফতার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এদিকে অভিযুক্ত শাহিন বলেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তিনি নির্দোষ। অন্যদের ভোজাল তার উপরে চাপানো হয়েছে।