তুরস্কের সহায়তা
দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন বিতরণ
Printed Edition
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সাম্প্রতিক ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ সমাজসেবক ও ছাত্রনেতা শরীফ আহমেদ। তুরস্কের সহায়তায় মানবিক এই উদ্যোগে নতুন করে আশার আলো দেখেছেন ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবার।
গত ২৮ মার্চ রাতে হঠাৎ নেমে আসা ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বহু বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে টেপ্রীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভারী বর্ষণ ও শিলাবৃষ্টির কারণে ঘরের চাল ফুটো হয়ে যায়, অনেক ঘরের টিন উড়ে যায় এবং গাছপালা ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। এতে নি¤œ আয়ের পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে।
ক্ষতিগ্রস্তদের এই দুরবস্থা লাঘবে সোমবার ৩০ শে মার্চ বিকেলে দেবীগঞ্জ পৌরসভার দেবীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় সংলগ্ন মাঠে একটি সহায়তা কার্যক্রম আয়োজন করা হয়। অনুষ্ঠানে দিনমজুর, ভ্যানচালকসহ নি¤œ আয়ের ২৪টি পরিবারের মাঝে নতুন টিন বিতরণ করা হয়, যা তাদের ভেঙে যাওয়া ঘর মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সহায়তা কার্যক্রমটি বাস্তবায়ন করেন টেপ্রীগঞ্জ ইউনিয়নের তরুণ সমাজসেবক শরীফ আহমেদ। এ উদ্যোগে আর্থিক ও সার্বিক সহযোগিতা প্রদান করেন তুরস্কের সমাজসেবী নাগরিক আলতায়ে আককুছ, যার সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পৌঁছে দেয়া সম্ভব হয়েছে।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দুর্যোগের পরে যখন ঘরবাড়ি মেরামতের কোনো উপায় ছিল না, তখন এই সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি নিয়ে এসেছে। একই সাথে তারা ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।