ইসরাইলি আগ্রাসন

লেবাননে অব্যাহত হামলায় হুমকিতে যুদ্ধবিরতি চুক্তি

Printed Edition

আলজাজিরা

দক্ষিণ লেবাননের ইক্লিম আল-তুফাহ অঞ্চলসহ বেশ কিছু এলাকায় নতুন করে সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির এটি সর্বশেষ লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। শুক্রবার দক্ষিণ লেবাননের ব্লাত, ওয়াদি বারঘোতি এবং মারকাবার বিভিন্ন পাহাড়ি ও বনজ এলাকায় এই হামলাগুলো চালানো হয়।

আলজাজিরার প্রতিনিধি জানিয়েছেন, ইসরাইলি যুদ্ধবিমানগুলো আল-তুফাহ অঞ্চলের উচ্চভূমি লক্ষ্য করে দফায় দফায় বোমাবর্ষণ করেছে। লেবাননের আল-মানার টিভি জানিয়েছে, মারকাবা শহরে ইসরাইলি ‘কোয়াডকপ্টার’ ড্রোন থেকে তৃতীয়বারের মতো বিস্ফোরক ফেলা হয়েছে।

যদিও ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে, তবে মাঠ পর্যায়ের প্রতিবেদনে দেখা গেছে যে বেসামরিক অবকাঠামো এবং খোলা এলাকাগুলোই ছিল মূল লক্ষ্য। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই নির্দিষ্ট দফার হামলায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পুরো দক্ষিণ লেবাননের আকাশে ইসরাইলি ড্রোনের আনাগোনা অব্যাহত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার লেবাননের বেকা উপত্যকায় ইসরাইলি হামলায় ১৬ বছর বয়সী এক সিরীয় কিশোর নিহত এবং অন্তত ২৯ জন আহত হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় লেবাননে এ পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ১২৭ জনই বেসামরিক নাগরিক। জাতিসঙ্ঘের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত ৪,০০০-এর বেশি লেবানিজ নিহত এবং ১৭,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে।