পিসিআইইউ ইন্টারন্যাশনাল রিসার্চ টক অনুষ্ঠিত

Printed Edition

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিসার্চ সেলের উদ্যোগে ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘পিসিআইইউ ইন্টারন্যাশনাল রিসার্চ টক’ শীর্ষক আন্তর্জাতিক গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে গবেষণার গুরুত্ব, মানোন্নয়ন এবং আন্তর্জাতিক প্রকাশনা-সংক্রান্ত বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে গভীর ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।

কর্মশালাটি পাঁচটি সেশনে বিভক্ত ছিল, যেখানে দেশি-বিদেশী বিশিষ্ট গবেষক ও একাডেমিক ব্যক্তিত্বরা বক্তব্য প্রদান করেন। ইউল্যাবের প্রোভিসি প্রফেসর ড. জুড উইলিয়াম জেনিলো বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও বৈশ্বিক অবস্থান সুদৃঢ় করতে মানসম্মত গবেষণার অপরিহার্যতার ওপর জোর দেন এবং গবেষণাকে একাডেমিক ব্র্যান্ডিংয়ের কেন্দ্রীয় উপাদান হিসেবে ব্যাখ্যা করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি অব নেদারল্যান্ডস ও রয়্যাল ইউনিভার্সিটি অব ভুটানের সাথে সংশ্লিষ্ট প্রফেসর উইম লউয়ার্ট কৌতূহলকে একটি সুসংগঠিত ও গবেষণাযোগ্য বিষয়ে রূপান্তরের প্রক্রিয়া ব্যাখ্যা করেন এবং দেখান কীভাবে সঠিক বিষয় নির্বাচন একটি সফল গবেষণার ভিত্তি তৈরি করে। একই ধারায় পিসিআইইউয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক, প্রশান্ত কুমার শীল গবেষণা প্রবন্ধের কাঠামো নির্মাণ, স্কোপাসে অন্তর্ভুক্তির প্রক্রিয়া এবং জার্নাল র‌্যাংকিং ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করেন, যা আন্তর্জাতিক মানের প্রকাশনায় গবেষকদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

পিসিআইইউ রিসার্চ সেলের পরিচালক এবং সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার দাহির আল ইসলামের সভাপতিত্বে এবং পুরকৌশল বিভাগের প্রভাষক জুশান আব্দুল্লাহর সঞ্চালনায় কর্মশালাটি সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।