লজ্জা এড়ানোর মিশন বাংলাদেশের
বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় টি-২০ আজ
Printed Edition
টাইগারদের টি-২০ নতুন অধিনায়ক লিটন দাসের ভাগ্য কোনো ক্রমেই সুপ্রসন্ন হচ্ছে না। আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সব ক’টিতে টস হেরেছেন। পাকিস্তানেও তিন ম্যাচের সিরিজে দু’টিতেও টস হেরেছেন। টস হেরে ফিল্ডিং কিংবা ব্যাটিং যেটিই পেয়েছেন পাঁচ ম্যাচে জয় শুধু একটিতে। আজ শেষ টি-২০ তে ষোলোকলা পূর্ণ হবে এই দলপতির। বাংলাদেশ জাতীয় দলের হারের চিত্রনাট্য একই। শুধু ম্যাচ আলাদা। প্রতিবারই বলা হয় এই ম্যাচের ভুলগুলো শুধরে পরের ম্যাচে ভালো করার। কিন্তু সেই ভালোটা আর হয়ে উঠে না। বরং আরো বেশি ভুল করে।
লাহোরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচেও ব্যাটিং ব্যর্থতার পুরনো চিত্রনাট্যে ম্যাচ হেরেছে বাংলাদেশ। ২০১ রান তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ১৪৪ রানে থেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। হেরেছে ৫৭ রানের বড় ব্যবধানে। আগের ম্যাচেও ২০১ রান তুলে জিতে ৩৭ রানে। তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে থাকতে হাতছাড়া করেছে ফিল সিমন্সের দল। প্রথম দুই ম্যাচ হেরে পাকিস্তানের কাছে সিরিজ হেরে হোয়াইটওয়াশের মুখে লিটন বাহিনী। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ তথা লজ্জা এড়ানোর মিশন বাংলাদেশের। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
সংযুক্ত আরব আমিরাতের কাছে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে হেরে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের কাছে প্রথম দুই ম্যাচেই হারে টাইগাররা। প্রথম ম্যাচে ৩৭ রানে ও দ্বিতীয়টি ৫৭ রানে হারে বাংলাদেশ। দুই ম্যাচেই বাংলাদেশ দলের ব্যাটিং-বোলিং ও ফিল্ডিংয়ে ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। দুই ম্যাচেই বাংলাদেশ বোলারদের বিপক্ষে ২০১ রান করে পাকিস্তান। বড় টার্গেটে জবাব দিতে ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ম্যাচে ১৬৪ ও দ্বিতীয় ম্যাচে ১৪৪ রানে অলআউট হয় সফরকারীরা। প্রথম ম্যাচে অধিনায়ক লিটন দাস ৩০ বলে ৪৮ এবং দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠেন পেসার তানজিম হাসান। ৯ নম্বরে নেমে ৩১ বলে ৫০ রান করেন তানজিম। যা বিশ^রেকর্ড।
শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন। ‘আমাদের আরো একটি সুযোগ আছে। এই মুহূর্তে চিন্তা করতে হবে কিভাবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। আমি মনে করি পুরোটাই মানসিকতার বিষয়। ব্যাটারদের মধ্যে যে-ই ব্যাটিং করুক, তার ১৩-১৪ ওভার পর্যন্ত ব্যাটিং করা উচিত। আমরা দ্রুত ব্যাক টু ব্যাক উইকেট হারাচ্ছি। ক্রিকেটে বেসিক অনুসরণ করতে হবে। কখনো কখনো বেসিক অনুসরণ করা হয় না।’
ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচে তিন বল করেই মাঠ ছাড়েন বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম। তৃতীয় ম্যাচে খেলতে পারবেন না তিনি। সব মিলিয়ে টি-২০তে ২১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে পাকিস্তান ১৮টিতে এবং বাংলাদেশের জয় মাত্র তিনটিতে।